ইউক্রেনকে ৬৯ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফের

আইএমএফের অফিস
বিদেশে এখন
অর্থনীতি
0

ঋণ কর্মসূচির পর্যালোচনা শেষে ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে প্রায় ৬৯ কোটি ডলার অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল (সোমবার, ২০ জুলাই) এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

এ অর্থ ছাড়ের ফলে ইউক্রেনের জন্য অনুমোদিত ৮ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় আইএমএফ-এর মোট অর্থায়ন বেড়ে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

রাশিয়ার হামলা অব্যাহত থাকা অবস্থায় ইউক্রেন যখন অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই আইএমএফ-এর এই পর্যালোচনা সম্পন্ন হলো। ২০২২ সালের শুরুতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন এখন যুদ্ধের পঞ্চম বছরে রয়েছে।

আইএমএফ সোমবার এক বিবৃতিতে জানায়, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশের আরও কঠিন পরিস্থিতি ও অত্যন্ত উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও ইউক্রেন সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ইউক্রেনের ঋণ কর্মসূচির বাস্তবায়ন ‘সামগ্রিকভাবে সন্তোষজনক’ অবস্থায় রয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা নির্বাহী বোর্ডের বৈঠকের পর বলেন, ‘সংঘাতের মধ্যেও ইউক্রেন অসাধারণ সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি বিষয়।’

জর্জিয়েভা ইউক্রেনকে সতর্ক আর্থিক নীতি ও মুদ্রানীতি অনুসরণ করার পাশাপাশি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এএইচ