বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বিনিয়োগ ও রপ্তানি কমার শঙ্কায় ব্যবসায়ীরা

গার্মেন্টসে কাজ করছেন শ্রমিকরা
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাদের মতে, এতে উৎপাদন খরচ বেড়ে রুগ্ন হবে আরও কারখানা। ফলে কমবে বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতা। প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্প ও রপ্তানিমুখী খাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ সংশ্লিষ্টদের।

জ্বালানি তেলের মূল্য বাড়ার চাপ কাটিয়ে না উঠতেই বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে শঙ্কিত শিল্প মালিকরা। চতুর্মখী খরচের চাপে পিষ্ট অধিকাংশ শিল্পখাত যখন লোকসানে, সেই সময়ে বিদ্যুতের অতিরিক্ত মূল্যহার ‘গোদের উপর বিষ ফোঁড়া’ বলে মনে করছেন উদ্যোক্তারা।

ব্যবসায়ীরা বলছেন, আয় না বাড়লেও জ্বালানি, পরিবহন ও শিল্পের কাঁচামালসহ বিভিন্ন খাতে খরচ বেড়েছে। কয়েক বছর ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে শিল্পের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমবে ব্যাপকভাবে।

প্রিমিয়ার সিমেন্টের মহাব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, ‘অর্থনীতিতে এ মুহূর্তে আমাদের দরকার হচ্ছে বিদ্যুৎটা এনশিওর করা। যেখানে আমরা এখন বিদ্যুৎ এনশিওর করতে পারতেছি না, আমরা জেনারেটর চালিয়ে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। সরকার যদি আবারও বিদ্যুতের দাম বাড়ায়, তাহলে এইটা হবে গোদের উপর বিষফোঁড়।’

কাঁচামাল ও পরিবহন খরচ বৃদ্ধির সঙ্গে বিদেশি ক্রেতাদের দাম কমানোর দাবি ও রপ্তানি কমায় সংকটে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। নানামুখী খরচের সঙ্গে নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির ভার বহনের সক্ষমতা নেই দাবি করে বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পুনর্বিবেচনার অনুরোধ শিল্প মালিকদের।

বিজিএমইএ’র সহ-সভাপতি রফিক চৌধুরী বলেন, ‘কোন দিকে আমরা কস্ট মিনিমাইজ করব? বায়ার প্রাইস কমাচ্ছে, এদিকে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়তেছে। তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম সবকিছুই বাড়তেছে। সো, আমার মনে হয় এ জায়গার মধ্যে আমাদের সামনে টিকে থাকাটা আসলে বেশ চ্যালেঞ্জিং আমি বলব আরকি।’

ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের লোকালে যে কস্ট বাড়ে, সেই বাড়ার সঙ্গে বিদেশের প্রাইসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তারা আমাদেরকে বিন্দুমাত্র কোনো এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়ায় না।’

অর্থনৈতিক সংকটে স্থবির সিমেন্ট, রড শিল্পসহ পুরো নির্মাণখাত। বিদ্যুতের বাড়তি মূল্যহার প্রত্যাহার চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে ইস্পাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বিএসএমএ।

জেআর