প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বরপত্র হারানোয় দুই কর্মকর্তা বদলি

ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
এখন জনপদে
শিক্ষা
0

গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠেয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ফরিদপুর সদরে ১৫৪ জন পরীক্ষার্থীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের ওএমআর নম্বরপত্র হারিয়ে গেছে কেন্দ্র থেকে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ফরিদপুর শহরের চুনাঘাটা মোড় এলাকায় অবস্থিত। এ কেন্দ্রে ফরিদপুর সদরের বেশ কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ওই কেন্দ্র থেকে গত ১৮ এপ্রিল বৃত্তি পরীক্ষার শেষ দিনে ওই ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর হারিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ বলেন, ‘শেষ পরীক্ষার দিন ওই কেন্দ্রে ওএমআর হারিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। ওএমআর হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) এরইমধ্যে এ ক্ষতি “রিকভার” করে ফেলেছে।’

আরও পড়ুন:

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ আরও বলেন, ‘এ ঘটনার পর আমাকে ও সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের টাঙ্গাইলসহ ফরিদপুর জেলার বাইরে বদলি করা হয়েছে। পাশাপাশি আমাদের কর্মকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হতে পারে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘ওএমআর হারিয়ে যাওয়ার ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে। পরবর্তীতে যার যার গাফিলতি রয়েছে বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এসএস