নারী ফুটবলে নতুন দায়িত্বে এরিক মেয়ার, সামনে সিঙ্গাপুর পরীক্ষা

এরিক মেয়ার
ফুটবল
এখন মাঠে
0

পিটার বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব এখন এরিক মেয়ারের কাঁধে। প্রথমবারের মতো বাংলাদেশে এসেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি এ কোচ। তবে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নয়, আপাতত তাঁর সব মনোযোগ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে। পিটার বাটলারের দর্শন অনুসরণ করেই সাফল্য পেতে চান মেয়ার।

ক্যান্সারের সঙ্গে লড়াই করতে নিজ দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন ফরাসী কোচ এরিক মেয়ার। ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে তার কাঁধে হেড কোচের দায়িত্ব তুলে দিয়েছে বাফুফে।

সোমবার ঢাকায় পা রেখে বাফুফে ভবনে হাজির হন এরিক মেয়ার। এরপর মুখোমুখি হন গণমাধ্যমেরও। জানান, বাংলাদেশের মেয়েদের খোঁজখবর নিয়েই দায়িত্ব নিয়েছেন তিনি। আফঈদা-ঋতুপর্ণাদের পারফরম্যান্সের ভিডিও দেখেছেন। এবার তাই নেমে পড়তে চান কাজে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বাংলাদেশে আমার দায়িত্ব আপাতত এই দুটি ম্যাচের জন্য। আমার সব মনোযোগ এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদে কোচ হবো কি না, তা জানি না। আপাতত নিজের মিশন নিয়েই থাকতে চাই।’

পিটারের অনুপস্থিতিতে দায়িত্ব পেলেও নিজের মতো করে এখনই বড় কোনো পরিবর্তনের পথে হাঁটতে চান না মেয়ার। বরং খেলোয়াড়দের পারফরম্যান্স, সামর্থ্য ও দলের প্রয়োজন বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি জানি পিটার অনেক কড়া কোচ। আমি পিটারের দর্শন অনুসরণ করবো। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের দায়িত্ব আমার। তার দর্শন অনুসরণ করেও যদি ভালো ফল না পাই, এর দায়ভারও আমার।’

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ দু’টিকে সামনে রেখে এরইমধ্যে চট্টগ্রামে ক্যাম্প শুরু করেছেন আফঈদারা।

এফএস