৭ নভেম্বরের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পেয়েছি: রিজভী

রুহুল কবির রিজভী
দেশে এখন
রাজনীতি
0

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে। জানান, কীভাবে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠতে পারে, ৭ নভেম্বর তারই শিক্ষা দিয়েছে। ৭ নভেম্বর হচ্ছে জাগরণের দিন, আত্মসচেতনতা ফিরে পাওয়ার দিন, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার দিন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (সোমবার, ৯ নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের পরিণতি হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সেসময় মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। সেসময় বাংলাদেশে ২৫ থেকে ৩০ হাজার বিপ্লবীকে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক মতের মানুষদের রক্ষীবাহিনীর মাধ্যমে নির্যাতন ও হত্যা করেছিল মুজিব সরকার। ফলে দেশে দুর্ভিক্ষ, ক্ষুধা ও দারিদ্র্যের সৃষ্টি হয়েছে। মাছ ধরার জাল পরিধান করে মানুষ লজ্জা নিবারণ করেছিল সেসময়। মানুষ ভাতের বদলে, রুটির বদলে আমগাছের পাতা, কলাগাছের পাতা চিবিয়ে খেয়েছে।’

আরও পড়ুন:

ঐতিহাসিক ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, ‘সেই দিন থেকে এ দেশে আবারও কথা বলার স্বাধীনতা পেল মানুষ। সাধারণ মানুষ ফিরে পেয়েছে নাগরিক স্বাধীনতা। নিঃশঙ্কচিত্তে রাজনৈতিক দল গঠন করা, রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। কেউ প্রকাশ্যে কিছু বললেও সে আক্রমণের শিকার হয় না, সে গ্রেপ্তার হয় না। এটাই জিয়াউর রহমানের অবদান। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অর্জন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান পরবর্তী সময়ে উৎপাদন ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কৃষি উন্নয়নে খাল কেটেছেন। বিদেশে লাখ লাখ শ্রমিক পাঠিয়েছেন। এই যে গার্মেন্টসে লাখ লাখ মেয়েরা কাজ করছেন— এসবই জিয়াউর রহমানের অবদান।’

রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরশাসনের পতন ঘটে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটে। কিন্তু পরবর্তী সময়ে আবারও শেখ হাসিনার শাসনামলে বিরোধীদলের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। গত ১৬-১৭ বছরে ডামি ও মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারেরও পতন হয়েছে।’

আরও পড়ুন:

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ সহজ-সরল। কিন্তু যখন গর্জে ওঠে, তখন কালবৈশাখী ঝড়ের মতো গর্জে ওঠে। যখন গর্জে ওঠে, প্রবল প্রবাহমান পদ্মার মতো গর্জে ওঠে। যখন গর্জে ওঠে, তখন বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের মতো গর্জে ওঠে। আর সেই গর্জনে শেখ হাসিনা কেন, তার মদদদাতারাও কিছু করতে পারবে না।’

জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, শিল্পকলার সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ আরও অনেকে।

এসএস