ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার!

রাবি ছাত্রদল সভাপতির ঘোষণা

রাজশাহী
বিক্ষোভ সমাবেশে কথা বলেছেন রাবি ছাত্রদল সভাপতি
ক্যাম্পাস
শিক্ষা
0

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। একই সঙ্গে ক্যাম্পাসে কোথাও ছাত্রলীগ পাওয়া গেলে তাদের ‘পেটানোর’ আহ্বানও জানিয়েছেন ছাত্রদলের শীর্ষ নেতারা।

আজ (সোমবার, ২২ জুন) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাবি ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী যদি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের কথা বলেন বা সাফাই গান, তবে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী তার বক্তব্যে ঘোষণা দেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ যদি নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারেন, তবে রাবি ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা উপহার (পুরস্কার) দেয়া হবে।’ এসময় ক্যাম্পাসে কোথাও ছাত্রলীগের দেখা মিললে তাদের ‘গণধোলাই বা পেটানোর’ জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এসএইচ