এআই মানবজাতির জন্য আশীর্বাদ না অভিশাপ- তা নিয়ে বিশ্বজুড়ে রয়েছে তুমুল বিতর্ক। কিন্তু এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই প্রাণঘাতী রোগ ক্যান্সার পুরোপুরি নির্মূলের বার্তা দিলেন অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই। তাও আবার ১০ বছরেরও কম সময়ের মধ্যে। শুধু ক্যান্সার নয়, হৃদরোগ ও মানসিক রোগগুলোও এই সময়সীমার মধ্যে এআইয়ের সাহায্যে নির্মূল করা যাবে বলেও দাবি তার।
আমোদেইয়ের দাবি, এআই জৈবিক গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী সাফল্য বয়ে আনতে সক্ষম হবে। এছাড়া যে সমস্যাগুলো হাজার হাজার বছর ধরে সমাধান করতে পারেনি মানবজাতি; সেগুলোর সমাধান নিশ্চিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
শুধু অ্যানথ্রপিকের শীর্ষ কর্তাই নন; তার চিন্তাভাবনার সঙ্গে একমত এআই নিয়ে কাজ করা আরও দুই শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক ও ডেমিস হাসাবিস। গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসের দাবি, এআইয়ের সাহায্যে ওষুধ আবিষ্কারের এক দশকের গবেষণা মাত্র কয়েক সপ্তাহে সম্পন্ন করা সম্ভব হতে পারে।
আরও পড়ুন:
এক্ষেত্রে তিনি গুগলের এআইভিত্তিক প্রকল্প ‘আলফাফোল্ড’-এর সাফল্যের উদাহরণ দিয়েছেন। এই প্রযুক্তির মাধ্যমে ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করা হয়েছে, যা জীববৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসবে বিবেচিত হয়।
আর এআইয়ের অগ্রগতির ফলে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো উন্নত চিকিৎসাসেবা পাবে বলে দাবি করেছেন ইলন মাস্ক।
তবে এত আশাবাদী নন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীরা। এরইমধ্যে এই সময়সীমাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন। তার দাবি, শুধু ভার্টেক্সই ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণের কাজে প্রায় ৫০টি এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি পরীক্ষা করেছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই নিজে থেকে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।
এছাড়া ওষুধশিল্পের বিশেষজ্ঞদের মতে, এআইয়ের মাধ্যমে ওষুধ তৈরির প্রাথমিক পর্যায়ে অণু বা যৌগ শনাক্ত করার কাজ দ্রুত করা সম্ভব হলেও; ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর সব প্রক্রিয়া সম্পন্ন করে একটি ওষুধ বাজারজাত হতে ১০ থেকে ১২ বছর পর্যন্ত সময় লাগে।





