২০২৬ সালের ১ মার্চ, রাকিবুল ইসলাম ও নাসির উদ্দীনের নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই আলোচনা চলছে নতুন কমিটি নিয়ে। তবে নতুন নেতৃত্ব নির্বাচনে চূড়ান্ত বাছাই চলছে বলে জানিয়েছেন পদপ্রত্যাশী থেকে পদধারী নেতারা। গুরুত্ব পাচ্ছে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা, অতীত রাজনৈতিক পরিচয়, সংগঠনের শৃঙ্খলা মানাসহ নির্দেশনা বাস্তবায়নের সক্ষমতা। এছাড়া বিভিন্ন ছাত্রসংসদের নির্বাচনের ভূমিকাও বিবেচনায় নেয়া হচ্ছে নেতৃত্ব নির্বাচনে।
পদের এই লড়াইয়ে সাধারণ সম্পাদক পদে শরীফ প্রধান শুভ, গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদুজ্জামান শিপন, রাজু আহমেদসহ কয়েকজনের নাম দলের শীর্ষ নেতৃত্বের টেবিলে রয়েছে। তারা আশা করছেন জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের ভূমিকাসহ দল পরিচালনায় যোগ্য নেতাকেই বেছে নেবে দল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘মেধার মূল্যায়নের সময়, কাজের মূল্যায়নের সময় এবং শিক্ষার্থীদেরকে নিয়ে মেধাবী বাংলাদেশ গড়ার জন্য ছাত্রদল যেভাবে কাজ করবে, আমরা এই ছাত্রদলকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে আমরা সেভাবে কাজ করে দিতে চাই।’
আরও পড়ুন:
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে দেখতে চান, যেভাবে গড়তে চান, উনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তের সঙ্গে শ্রদ্ধাশীল থেকে আমরা সেই নেতৃত্বকে বরণ করে নেবো।’
কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ বলেন, ‘জুলাই আন্দোলন থেকে শুরু করে অন্যান্য বিগত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে কাজ করেছি, তাদের মধ্য থেকেই যেন নেতৃত্ব আসে।’
অন্যদিকে ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় আছেন আমানউল্লাহ আমান, মোমিনুল ইসলাম জিসান, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়ালসহ বেশ কয়েকজন ছাত্রনেতা। পদপ্রত্যাশীরা বলছেন মেধা ও রাজপথের সংগ্রামকে মূল্যায়ন করেই দলের সাংগঠনিক অভিভাবক ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করবেন।
কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, কোনো কিছু নাই, আমাদের মাঝে একটা সুস্থ প্রতিযোগিতা আছে, আমরা নেতৃত্ব প্রত্যাশী। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সব মার্জিনে যাকে যোগ্য মনে করবেন, তাকেই নেতৃত্বের জায়গা দিবেন এবং আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমরা সকলেই সফল করবো।’
কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেন, ‘আমাদের যে পরিমাণ রক্ত ঝরেছে, সেই দুর্দিনের সংগ্রামের সংকটের যে আমাদের সহযোদ্ধারা, তারা আজকে অনেকেই ছাত্রদলের পদপ্রত্যাশী রয়েছে। তো আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমার কাছে মনে হয় যে যদি বাই শিফট প্রত্যেককে একবার যদি দায়িত্ব দেয়া যেতো, আমি খুশি হইতাম।’
আরও পড়ুন:
নতুন কমিটি গঠন নিয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বললেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকাও বিবেচনায় রাখা হবে।
নাসির উদ্দীন বলেন, ‘জুলাই এবং আগস্টেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। আমরা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, শিক্ষার্থীদের উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন সাংগঠনিক দক্ষতাই নতুন নেতা নির্বাচনের প্রধান যোগ্যতা। তবে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘মেধাবী, যোগ্যতা সম্পন্ন, দক্ষতা আছে, সব মিলিয়ে বিবেচনা করা হবে। দলের চেয়ারম্যান তিনি একটা হয়তো সিদ্ধান্ত দিতে পারেন। তবে তার আগে তিনি অনেকের সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলে খোঁজখবর নিয়ে করবে।’
নতুন এই কমিটি ঘিরে এরই মধ্যে পদপ্রত্যাশীরা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন, তুলে ধরছেন নিজ নিজ দেশের সাফল্যের খতিয়ান। তবে তারা সবাই বলছেন দল যাদের দায়িত্ব দেবেন তাদের সঙ্গে মিলেমিশে সংগঠনের জন্য কাজ করে যাবেন।





