আবারও ধোঁয়াশাচ্ছন্ন ভারতের দিল্লি, তীব্র বায়ুদূষণের কবলে বাসিন্দারা। দীপাবলির পর পাঁচদিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোন উন্নতি তো দূরে থাক, উল্টো বেড়েই চলেছে দূষণের মাত্রা।
দেখে বোঝার উপায় নেই দিন নাকি রাত। সকাল বেলায়ও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি, প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপাকে নগরীর বাসিন্দারা। দূষণের মাত্রা এতটাই বেশি যে, রাস্তায় বেরোলেই দম বন্ধ পরিস্থিতি। বয়স্ক ও শিশুদের অবস্থা আরও খারাপ।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘সকালে যখন কাজের উদ্দেশে বের হই, তখন দূষণের কারণে বাতাস অত্যন্ত দুষিত থাকে। চারদিক ধোঁয়াশাচ্ছন্ন। আমার শ্বাস নিতে কষ্ট হয় এবং চোখ জ্বলতে শুরু করে।’
অন্য একজন বলেন, ‘তীব্র দূষণে মাস্ক পরে যাতায়াত কঠিন হয়ে যাচ্ছে। আমার স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হয়, এক ধরনের অস্বস্তি বোধ করি। আর এই কারণেই আমি বাড়িতে থাকার চেষ্টা করি।’
শুক্রবার সকালে দিল্লির বায়ুমান ছিল ৩৩৪ একিউআই, যা বায়ুমান সূচকের হিসেবে অত্যন্ত ‘বিপজ্জনক। আর এদিন লাহোরকে ছাপিয়ে বিশ্বের দূষিত নগরীর তালিকায় আবারও শীর্ষে ভারতের রাজধানী।
ভারতের উত্তরাঞ্চল এবং প্রতিবেশী পাকিস্তানের অনেক অংশে দূষণ একটি মৌসুমী সমস্যা। কারণ শীতের কুয়াশার সঙ্গে ভারী বাতাস, যানবাহনের বিষাক্ত ধোঁয়া, নির্মাণকাজের ধূলিকণা এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোয় দূষণের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। এতে দু’দেশেই পাল্লা দিয়ে বাড়ে বায়ুদূষণ।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘প্রথমত, দূষণের মাত্রা না কমার কারণ হলো—কেউই এর দায়ভার নিতে চায় না। আমি এমনটা বলছি না যে এই পরিস্থিতির জন্য কেবল আতশবাজি বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানোই দায়ী; বরং এই সমস্যা সবগুলো কারণের সমষ্টি। কিন্তু কেউই এর দায়িত্ব নিচ্ছে না। সবদিক থেকেই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি।’
বায়ুদূষণ নিয়ন্ত্রণে এরইমধ্যে দিল্লি প্রশাসন সতর্কতা জারিসহ বেশকিছু পদক্ষেপ নিলেও কার্যত তেমন কোন ফল আসছে না। দূষণের কারণে ভারতের অর্থনীতিতে প্রতিবছর ক্ষতির পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার। যদিও দেশটির ৬৪ শতাংশের বেশি জেলায় কোনে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র নেই।





