চমেক হাসপাতালে কেএসআরএমের দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর

চট্টগ্রাম
চমেক হাসপাতালে কেএসআরএমের দেওয়া নতুন হিমোডায়ালাইসিস মেশিন
স্বাস্থ্য
0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আবারও এগিয়ে এসেছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম। এর ধারাবাহিকতায় গত (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জার্মানির তৈরি আরও দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন (মডেল-৪০০৮এস) হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

কেএসআরএমের পক্ষ থেকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে মেশিন দুটি হস্তান্তর করা হয়।

এ সময় চমেক পরিচালক বলেন, হাসপাতালে ধারাবাহিক মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে শিল্পগ্রুপ কেএসআরএম সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। হস্তান্তর করা এসব অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন দুরারোগ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও নিশ্চিত করবে। কেএসআরএমের এই মূল্যবান চিকিৎসা সরঞ্জাম সহায়তার ফলে রোগীরা কম খরচে উন্নত সেবা পাবেন। এ সময় তিনি সমাজের অন্যান্য বিত্তশালীদেরও এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছিল কেএসআরএম। ওই সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেন।

এএম