শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এ পাল্টা মামলা করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের সাবেক এক কর্মীকে আবার নিয়োগ দিয়ে গোপন তথ্য সংগ্রহ করেছে অ্যাপল। পাশাপাশি ওপেনএআইয়ের ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র তৈরির কাজে হার্ডওয়্যার সরবরাহকারীরা যেন সহযোগিতা না করেন, সে জন্যও চাপ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ওপেনএআইয়ের অভিযোগ, ওই কর্মী প্রতিষ্ঠানটিতে প্রায় ছয় মাস কাজ করেছিলেন। এ সময় তিনি নতুন একটি যন্ত্র এবং ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া পণ্যের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পান। পরে তিনি ওপেনএআইয়ের কয়েক ডজন গোপন নথি নিজের ব্যক্তিগত ফোন নম্বরে পাঠান।
প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, অ্যাপলের অনুরোধে ওই কর্মী ওপেনএআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অ্যাপলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য দিয়েছিলেন। এমনকি গোপন নথি সংগ্রহের উদ্দেশ্যেই ওই ব্যক্তি ওপেনএআইয়ে যোগ দিয়েছিলেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পাল্টা মামলায় অ্যাপলের কর্মী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপল কর্মীদের অফিসের নথি ব্যক্তিগত আইক্লাউড অ্যাকাউন্টে সংরক্ষণে উৎসাহিত করে। পরে কোনো কর্মী চাকরি ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দিলে এসব নথির সূত্র ধরে তার বিরুদ্ধে গোপন তথ্য চুরির অভিযোগ তোলার সুযোগ তৈরি হয়।
ওপেনএআইয়ের অভিযোগ, চাকরি ছেড়ে চলে যাওয়ার পরও সাবেক কর্মীদের ব্যক্তিগত যন্ত্র ও অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ ধরে রাখে অ্যাপল। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দেয়া কর্মীদের ওপর নজরদারি করা সম্ভব হয় বলে দাবি তাদের।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ওপেনএআইয়ের কর্মীরা অ্যাপলের অপ্রকাশিত প্রযুক্তি, কাজের পদ্ধতি ও পণ্যসংক্রান্ত গোপন তথ্য চুরি করে ব্যবহার করেছেন। পাল্টা মামলাটিকে অ্যাপলের মূল অভিযোগ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলেও মন্তব্য করেছেন তিনি।
এর আগে গত জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপলের সাবেক দুই কর্মী ওপেনএআইয়ে যোগ দেয়ার আগে নিজেদের ব্যক্তিগত ই-মেইলে অ্যাপলের অভ্যন্তরীণ গোপন নথি পাঠিয়েছিলেন। এ ঘটনাকে ‘তথ্য চুরির ধারাবাহিক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছিল অ্যাপল।
ওই মামলায় ওপেনএআইয়ের পাশাপাশি অ্যাপলের সাবেক দুই কর্মীকে বিবাদী করা হয়। তারা হলেন সাবেক আইফোন ও অ্যাপল ওয়াচ নকশা বিভাগের কর্মকর্তা ট্যাং তান এবং সাবেক প্রকৌশলী চ্যাং লিউ। এ ছাড়া মামলায় বিবাদী করা হয়েছে অ্যাপলের সাবেক ডিজাইনপ্রধান জনি আইভের প্রতিষ্ঠিত নকশাপ্রতিষ্ঠান আইও প্রোডাক্টসকেও।
জনি আইভ অ্যাপলে থাকাকালে আইম্যাক, আইপড, আইফোন ও আইপ্যাডের নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে ওপেনএআইয়ের সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন যন্ত্র তৈরির কাজ করছে তার প্রতিষ্ঠান।
অ্যাপলের অভিযোগ অস্বীকার করে আসছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির বক্তব্য, অন্য কোনো প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্যের প্রতি তাদের আগ্রহ নেই।
দুই প্রতিষ্ঠানের মধ্যে আগে অংশীদারত্ব থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র তৈরির প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়েছে। নতুন পাল্টা মামলার মধ্য দিয়ে সেই বিরোধ এখন আইনি লড়াইয়ে নতুন মাত্রা পেয়েছে।
—রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে অবলম্বনে





