রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

নির্বাচন কমিশন ভবন
দেশে এখন
0

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আগামীকাল রোববার (২৯ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এই সংলাপ চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে প্রথম দিন রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত জোটের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। সে ক্ষেত্রে প্রথম দিনে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ইসি সূত্রে জানা গেছে, তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে কমিশনের। বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।

সূচি অনুযায়ী, দ্বিতীয় দিন সোমবার (৩০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি। তবে রোববারের আয়োজনে যেসব দল অংশ নিতে পারবে না, তাদের জন্য পরবর্তীতে আলোচনার সুযোগ রাখা হবে বলে জানিয়েছে কমিশন।

এএম