বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণার প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এ বছরের জুলাই মাসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বক্তব্যে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর আস্থা ও বিশ্বাস রেখে ধর্ম মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। তিনি যেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ তাআলা যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং সুস্থতা ও দীর্ঘ কর্মজীবন দান করেন, সে জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘দল-মতনির্বিশেষে মুরাদনগরের উন্নয়নের জন্য চলুন আমরা একসঙ্গে কাজ করি এবং এই সরকারকে সহযোগিতা করি।’ জনগণের আমানত রক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমিতির নামকরণ প্রসঙ্গে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, তিনি এই সংগঠনকে কেবল ‘মুরাদনগর সমিতি’ হিসেবে নয়, বরং ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চান। মুরাদনগর ও বাঙ্গরার মানুষ এক পরিবারের সদস্য—এই বোধ যেন সমিতির কাজে সব সময় অটুট থাকে, সে আহ্বান জানান তিনি।
মুরাদনগরের অনেক কৃতী সন্তান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন উল্লেখ করে এলাকার উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন ধর্মমন্ত্রী। এ ছাড়া মুরাদনগরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, সেতু নির্মাণ ও সংস্কার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে যেকোনো গঠনমূলক ও কল্যাণমূলক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সমিতির সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে শত শত দরিদ্র মানুষের চোখ পরীক্ষা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের সুবিধা প্রদান এবং মেধাতালিকায় স্থান পাওয়া ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নতুন প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেবে। এ ছাড়া করোনাকালীন দুর্যোগ ও প্রাকৃতিক বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের অসুস্থতার সময় কাকরাইলের ভবনে দোয়ার আয়োজন করায় সমিতির সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূঁইয়া, পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ, টোটাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং সমাজসেবক সৈয়দ এ কে এম কায়েস।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. জামাল উদ্দীন আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতা এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





