যুক্তরাজ্যে বাড়ছে মসজিদে হামলা; নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুসলিম কমিউনিটি

মসজিদ
প্রবাস
0

মুসলিমবিদ্বেষ, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটিতে। ব্রিটিশ মুসলিম ট্রাস্টের বরাতে গার্ডিয়ান বলছে, যুক্তরাজ্যে প্রতি ৫ দিনে ১টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে প্রবাসীদের চাপের মুখে মসজিদ ও কমিউনিটি স্থাপনার নিরাপত্তায় ৪ কোটি পাউন্ড তহবিল দিয়েছে সরকার।

যুক্তরাজ্যে দিনদিন বাড়ছে অভিবাসনবিরোধী মনোভাব। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনা। ব্রিটিশ মুসলিম ট্রাস্টের দাবি, মসজিদে হামলার অন্যতম হটস্পট এখন লন্ডন।

চলতি বছর শহরটিতে বেশ কয়েকটি বড় হামলা নথিভুক্ত হয়েছে। এমনকি যুক্তরাজ্যের অন্যতম বড় ইস্ট লন্ডন মসজিদও অতীতে একাধিকবার হামলার শিকার হয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মুসলিম কমিউনিটিতে।

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনাইদ আহমেদ বলেন, ‘বিগত কয়েক বছর ধরে আমরা সামাজিক মাধ্যমে নানা ধরনের হুমকি পাচ্ছি। এমনকি বোমা হামলার হুমকিও পাচ্ছি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।’

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে নিজেদের চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণ সবকিছুতেই আরও সংযত হওয়ার পরামর্শ কমিউনিটি নেতৃবৃন্দের। এছাড়াও, হামলার ঝুঁকি থাকায় মুসলিম কমিউনিটিকে আরও সতর্ক থাকার আহ্বান ধর্মীয় ব্যক্তিত্বদের।

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ূম বলেন, ‘মসজিদ কর্তৃপক্ষের উচিত সতর্কতা মূলক অবস্থানে থাকা। আর যারা নামাজ পড়তে আসছেন তারাও সতর্ক থাকা।’

ব্রিটিশ মুসলিম ট্রাস্টের গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে প্রতি পাঁচ দিনে একটি মসজিদে হামলার ঘটনা ঘটছে। গত বছর দেশটির ৭০টির বেশি মসজিদ ও মুসলিম উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এদিকে, ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় মসজিদ, মুসলিম স্কুল ও কমিউনিটি সেন্টারের নিরাপত্তায় ৪ কোটি পাউন্ডের তহবিল বরাদ্দ হয়েছে যুক্তরাজ্য সরকার।

জেআর