বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় কানাডীয় সরকারের নতুন প্রস্তাব

কানাডার একটি স্থান
বিদেশে এখন
প্রবাস
0

কানাডায় ফের বাড়ি কিনতে পারবেন বিদেশি ক্রেতারা। চলতি বছরের ফেডারেল বাজেটে বিদেশি নাগরিকদের বাড়ি কেনার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে আবাসন খাতে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী কার্নি সরকার। আর সরকারের এমন প্রস্তাবে খুশি আবাসন খাত সংশ্লিষ্টরা।

কানাডার আবাসন সংকট বেশ কয়েক বছর ধরেই প্রকোট। এই সংকট মোকাবিলায় নতুন নতুন কৌশলের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার এবার বিদেশি ক্রেতাদের কাছে টানছে। ২০২৬ সালের ফেডারেল বাজেটে আবাসন খাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত বিদেশি নাগরিকদের বাড়ি কেনার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞায় পরিবর্তন।

সরকারের প্রস্তাব অনুযায়ী, নতুন নির্মিত বাড়ি ও কন্ডোমিনিয়াম কিনতে পারবেন বিদেশি নাগরিকরাও। তবে আগে থেকে নির্মিত এবং পুনরায় বিক্রির আবাসিক সম্পত্তি কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও দুই বছর বাড়িয়ে ২০২৯ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত বহাল রাখা হয়েছে।

২০২৩ সালের পহেলা জানুয়ারি প্রথম কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল বিদেশি ক্রেতাদের চাহিদা নিয়ন্ত্রণ করে কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য আবাসন সহজলভ্য করা। ২০২৪ সালে এর মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের শুরু পর্যন্ত করা হচ্ছে।

আরও পড়ুন:

নতুন প্রস্তাবে সরকারের যুক্তি, বিদ্যমান বাড়ির বাজার স্থানীয় ক্রেতাদের জন্য সংরক্ষিত রেখেও নতুন আবাসন প্রকল্পে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব। বিশেষ করে নির্মাণাধীন প্রকল্পে অর্থায়ন এবং অবিক্রীত নতুন কন্ডোমিনিয়াম বিক্রিতে বিদেশি বিনিয়োগ ভূমিকা রাখতে পারে।

কানাডার নিবন্ধিত সমাজকর্মী সাইফুল আলম বলেন, ‘কানাডা চাচ্ছে, যারা লোকাল বায়ার, তারা যেন অ্যাফর্ড করতে পারে। একইসঙ্গে যারা ফরেন বায়ার, তারা যেন নতুন কনস্ট্রাকশন বিল্ডিং বা প্রোপার্টি কেনে, সেটাতে এনকারেজ করছে।’

কানাডার আবাসন খাতসংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, নতুন কন্ডো বিক্রি কমে যাওয়া এবং অবিক্রীত ইউনিটের সংখ্যা বেড়ে যাওয়ায় ডেভেলপাররা বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে গ্রেটার টরন্টো ও মেট্রো ভ্যাঙ্কুভারের মতো বড় বাজারে নতুন প্রকল্পের বিক্রি ও অর্থায়ন নিয়ে চাপ তৈরি হয়েছে। ডেভেলপারদের যুক্তি, বিদেশি ক্রেতা এলে বিক্রি বাড়বে। বাজারে আসবে অর্থপ্রবাহ।

সরকারের এ পদক্ষেপে স্থানীয় বাংলাদেশিরা যতটা না সহজে বাড়ি পাবেন তার চেয়ে বাইরে থেকে আসা ব্যক্তিরা সহজে নতুন বাসা কিনে ফেলতে পারবেন; এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে দাম গুনতে হবে খানিকটা বেশি। তবে নতুন আবাসন নির্মাণে আগামী ১০ বছরে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ হলে উপকৃত হবেন স্থানীয় বাংলাদেশি অভিবাসীরা।

এসএইচ