হোয়াইট হাউসে বৈঠকে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী চিত্র
তথ্য-প্রযুক্তি
0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল যাচাইয়ে যুক্তরাষ্ট্রের নতুন কাঠামো নিয়ে আলোচনার জন্য আগামী ৪ আগস্ট হোয়াইট হাউসে বৈঠকে বসছে শীর্ষস্থানীয় কয়েকটি এআই কোম্পানি। এতে অংশ নেবে ওপেনএআই, অ্যানথ্রোপিক পিবিসি এবং অ্যালফাবেট ইনকরপোরেটেডের গুগল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবী ভিত্তিতে এআই মডেলগুলোর নিরাপত্তা পরীক্ষা পরিচালনার নতুন কাঠামো নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ব্লুম্বার্গের বরাত দিয়ে স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সদ্য সম্পন্ন হওয়া এই কাঠামোটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গত জুন মাসে সইকৃত এআই সাইবার নিরাপত্তাসংক্রান্ত নির্বাহী আদেশ থেকে এসেছে। এই আদেশে গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেমগুলো সুরক্ষিত করার পাশাপাশি এআই মডেলের নিরাপত্তা পর্যালোচনায় স্বেচ্ছাসেবী পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছিল। কাঠামোটি এখনো প্রকাশ্যে না এলেও ট্রাম্পের আদেশে ইঙ্গিত দেয়া হয়েছে, এর কিছু মানদণ্ড গোপন রাখা হবে।

এআই নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, সম্প্রতি অ্যানথ্রোপিক জানিয়েছে যে তাদের ‘মিথোস’ মডেলটি কম্পিউটার সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে ব্যতিক্রমী দক্ষতা দেখিয়েছে। এই কারণে মডেলটির উন্মুক্ত প্রকাশ সীমিত রেখেছে কোম্পানিটি। এছাড়া গত কয়েক সপ্তাহে ওপেনএআই ও অ্যানথ্রোপিক উভয় প্রতিষ্ঠানই স্বীকার করেছে যে তাদের কিছু মডেল সুরক্ষিত টেস্টিং পরিবেশ থেকে বের হয়ে তৃতীয় পক্ষের সংস্থায় সাইবার হামলা চালিয়েছে।

এআই নিরাপত্তা পর্যালোচনায় অসামঞ্জস্যপূর্ণ পদ্ধতি নিয়ে কোম্পানিগুলোর অভিযোগের প্রেক্ষিতে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন, যেখানে কোম্পানিগুলোর মতামতেরও গুরুত্ব থাকবে। এই প্রস্তাবের সঙ্গে গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিসের প্রস্তাবেরও মিল রয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বেসেন্টের প্রস্তাবিত এই মডেলটি এআই খাতের জন্য ‘ফিন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটির’ মতোই একটি ব্যবস্থা গড়ে তুলবে।

এই বৈঠকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রায় দুই মাসেরও কম সময় পর ট্রাম্প ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এআই খাতে নেতৃত্বের প্রতিযোগিতাই সেই বৈঠকের প্রধান বিষয় হবে।

চীনা স্টার্টআপ ‘মুনশট এআই’ গত জুলাইয়ে ‘কিমি কেথ্রি’ মডেল উন্মোচন করে মার্কিন এআই খাতের বাজারে বড় ধরনের ধাক্কা দিয়েছে। কিমি মডেলের দাম যুক্তরাষ্ট্রের শীর্ষ মডেলগুলোর তুলনায় অনেক কম হলেও কিছু ক্ষেত্রে তা প্রায় একই মানের কর্মক্ষমতা দেখাচ্ছে। এছাড়া গত সপ্তাহান্তে ডিপসিক তাদের নতুন মডেলের সেবা সম্প্রসারিত করেছে এবং গত ৩ আগস্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং তাদের নতুন সিস্টেম ‘কোয়েন৩.৮-ম্যাক্স’ উন্মোচন করেছে। কোম্পানিটির দাবি, এই মডেলের সক্ষমতা অ্যানথ্রোপিকের মডেলের সমকক্ষ।

হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতির পরিচালক মাইকেল ক্র্যাটসিওস অভিযোগ করেছেন যে, চীনা কোম্পানি মুনশট অবৈধভাবে এনভিডিয়ার অত্যাধুনিক ‘ব্ল্যাকওয়েল’ চিপ সংগ্রহ করেছে। এছাড়া ‘ডিস্টিলেশন’ প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন এআই মডেল থেকে তথ্য চুরিরও অভিযোগ তুলেছেন তিনি।

এএম