এক অ্যাকাউন্টে একাধিক ফেসবুক প্রোফাইল রাখার সুবিধা বন্ধ করছে মেটা

ফেসবুকে মূল প্রোফাইল থেকে অতিরিক্ত প্রোফাইলে পরিবর্তনের সুবিধা
তথ্য-প্রযুক্তি
0

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। একটি মূল অ্যাকাউন্টের অধীনে একাধিক ব্যক্তিগত প্রোফাইল তৈরি ও পরিচালনার সুবিধা বন্ধ করে দেয়া হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বরের পর এসব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলবে ফেসবুক। ফলে সময়মতো ব্যাকআপ না নিলে এসব বিকল্প প্রোফাইলে থাকা সব ছবি, ভিডিও, পোস্ট এবং সংযোগ চিরতরে হারিয়ে যাবে। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল এবং তাদের পরিচালিত কোনো ফেসবুক পেজের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।

২০২৩ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত প্রোফাইল খোলার এই সুবিধা চালু করেছিল ফেসবুক। এর মাধ্যমে একজন ব্যবহারকারী একটি মূল অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল অর্থাৎ মোট পাঁচটি প্রোফাইল ব্যবহারের সুযোগ পেতেন। একই লগইন তথ্যের অধীনে থাকা এসব প্রোফাইলের প্রতিটির জন্য আলাদা নাম, ফ্রেন্ড লিস্ট এবং ফিড রাখা যেত। ব্যক্তিগত জীবন, পেশাগত যোগাযোগ, শখ এবং ভিন্ন ভিন্ন সামাজিক গণ্ডি আলাদা রাখতেই এই সুবিধাটি তৈরি করা হয়েছিল।

কিন্তু গত ১২ নভেম্বর দেয়া এক ঘোষণায় মেটা জানায়, একাধিক প্রোফাইল ব্যবস্থাপনার কারণে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা জটিল হয়ে উঠছে এবং প্ল্যাটফর্মটির ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ করতে আবারও একক প্রোফাইল ব্যবস্থায় ফিরে যাচ্ছে ফেসবুক। এরই মধ্যে ইমেইল, অ্যাপের নোটিফিকেশন এবং ফিড নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের বিষয়টি জানাতে শুরু করেছে মেটা। বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে।

১৪ ডিসেম্বরের আগে তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্ট ও অন্যান্য কনটেন্ট সংরক্ষণ করতে চাইলে ১৪ ডিসেম্বরের আগেই সেগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করে নিতে হবে। এ জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করে নির্দিষ্ট সেই অতিরিক্ত প্রোফাইলটিতে যেতে হবে, যার তথ্য সংরক্ষণ করা প্রয়োজন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে সেটিংসে গিয়ে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। সেখানে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অংশের নিচে থাকা এক্সপোর্ট ইয়োর ইনফরমেশন অপশনটি বেছে নিয়ে ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করতে হবে। এরপর কোন কোন তথ্য সংরক্ষণ করতে চান তা নির্বাচন করে সেগুলো সরাসরি নিজের ডিভাইসে ডাউনলোড করবেন নাকি অন্য কোনো সেবায় স্থানান্তর করবেন, তা ঠিক করে দিতে হবে।

কেউ যদি একাধিক অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে থাকেন, তবে প্রতিটি প্রোফাইলের তথ্যের জন্য আলাদাভাবে আবেদন বা এক্সপোর্ট রিকোয়েস্ট জমা দিতে হবে। ডাউনলোডের ফাইল প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে বলে শেষ মুহূর্তের অপেক্ষায় না থেকে নির্ধারিত সময়সীমার বেশ আগেই ব্যাকআপ প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, তথ্য এক্সপোর্ট করলে কেবল সেগুলোর অনুলিপি সংরক্ষিত থাকবে, মুছে যাওয়া প্রোফাইলটি আর ফিরিয়ে আনা যাবে না।

গ্রুপ অ্যাডমিন ও বন্ধুদের সংযোগের ক্ষেত্রে করণীয়
যারা অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা বা অ্যাডমিনের দায়িত্ব পালন করছেন, তাদের ১৪ ডিসেম্বরের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপের অ্যাডমিনের দায়িত্ব নিজের মূল প্রোফাইলে স্থানান্তর করতে হবে অথবা মূল প্রোফাইল ব্যবহারকারী অন্য কাউকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করতে হবে। নতুন অ্যাডমিন যুক্ত করা না হলে অতিরিক্ত প্রোফাইলটি মুছে যাওয়ার পর নতুন কাউকে দায়িত্ব না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হয়ে থাকবে। ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটি সংগঠনকেও তাদের গ্রুপের অ্যাডমিন ও প্রবেশাধিকারের বিষয়টি যাচাই করে নিতে বলা হয়েছে।

এছাড়া অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত বন্ধুদের তালিকা, গ্রুপ এবং ফলো করা পেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মূল প্রোফাইলে স্থানান্তরিত হবে না। ব্যবহারকারীদের মূল প্রোফাইল থেকে নতুন করে বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, গুরুত্বপূর্ণ গ্রুপগুলোতে পুনরায় যোগ দিতে হবে এবং পেজগুলো ফলো করতে হবে। অবশ্য এই প্রক্রিয়ায় সহায়তার জন্য কিছু অ্যাকাউন্টে রিভিউ কানেকশনস নামের একটি অপশন দেখা যেতে পারে, যার মাধ্যমে পুরোনো সংযোগগুলো খুঁজে নেয়া যাবে। ১৪ ডিসেম্বরের পর ঠিক কোন দিন থেকে প্রোফাইল মুছে ফেলার কাজ শুরু হবে, তা মেটা নির্দিষ্ট করে জানায়নি। তাই স্থায়ীভাবে তথ্য হারানো এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

—টেক রিপাবলিক ও সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদনে অবলম্বনে

এএম