টেস্টের এক ইনিংসে সর্বাধিক ডিসমিসালের বিশ্বকীর্তি গড়ে ইতিহাস গড়লেন লিটন

জোহানেসবার্গ টেস্টে লিটন দাসের ডিসমিসাল
ক্রিকেট
এখন মাঠে
0

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন কুমার দাস। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের কীর্তি গড়েছেন টাইগার ক্রিকেটার। তবে, 'নো বল' করে বিশ্বরেকর্ড থেকে বঞ্চিত হয়েছেন পেসার হাসান মাহমুদ।

মেহেদী হাসান মিরাজের বল লিটন দাসের হাতে আর সেখান থেকে ভাঙলেন কাগিসো রাবাদার স্ট্যাম্প আর তাতেই টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন কুমার দাস।

এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এতদিন ছিল ৫ জনের নামের পাশে। পাকিস্তানের ওয়াসিম বারি ৭ ক্যাচ নিয়েছিলেন ১৯৭৯ সালে। এরপর আরও ৪ জন এক ইনিংসে নিয়েছেন ৭ ক্যাচ। তবে লিটন আজ ছাড়িয়ে গেলেন সবাইকে। প্রোটিয়াদের ইনিংসে ৬ ক্যাচ আর ২ স্ট্যাম্পিং তার। দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের ৮টিতেই সরাসরি যুক্ত ছিলেন টাইগারদের সাদা বলের অধিনায়ক।

হাসান মাহমুদের বলে এইডেন মার্করামের ক্যাচ দিয়ে শুরু। এরপর একে একে জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেনরা ফিরেছেন লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে বন্দি হয়ে। ব্যাট হাতে মিশ্র সময় পার করলেও সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা উইকেটকিপারের তকমাটা অনায়াসেই লিটনের নামের পাশে জুড়ে দেওয়া যায়। কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে একই টেস্টে ফিফটি, সেঞ্চুরি ও ৫ ডিসমিসাল করার বিশ্বরেকর্ডও গড়েছিলেন। চতুর্মুখী সমালোচনার মাঝে একের পর এক রেকর্ডই হয়তো লিটন দাসের জন্য বড় প্রেরণা।

আরও একটি বিশ্বরেকর্ডের মালিক হতে পারতেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদও। ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৬টি ভিন্ন দেশে নিজের প্রথম ৬ ফাইফারের রেকর্ড গড়তে পারতেন। আগের দিনই ৪ উইকেট শিকার করে সুযোগও তৈরি করে রেখেছিলেন। চতুর্থ দিনে ডেন পিটারসেনকে বোল্ডও করেছিলেন। কিন্তু বেরসিক আম্পায়ারের নো বলের সংকেত থামিয়ে দেয় হাসান মাহমুদের বিশ্বরেকর্ডের আনন্দ। তাতে বাংলাদেশও কিছুটা আক্ষেপে পুড়ল।

এএম