মানুষের মতো কথা বলে; কিন্তু এআই কি সত্যিই অনুভব করে?

প্রতীকী ছবি
ফিচার
তথ্য-প্রযুক্তি
0

দর্শনের একটি পরিচিত ধারা হলো ফাংশনালিজম বা ক্রিয়াবাদ। এই মতবাদ অনুযায়ী, কোনো কিছুর চেতনা বা চৈতন্য নির্ভর করে সেটি কী কাজ করছে তার ওপর; সেটি কী দিয়ে তৈরি তার ওপর নয়। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যদি কখনো এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সে কথোপকথন চালাতে পারে, যুক্তি দিতে পারে, মনে রাখতে পারে, নিজের মত বদলাতে পারে কিংবা কৌতূহল ও আবেগ প্রকাশ করতে পারে—তবে সেটি রক্ত-মাংস, সিলিকন নাকি লেগো ব্লক দিয়ে তৈরি, তাতে কিছু যায়-আসে না। এমনকি কেউ কেউ এমনও বলেন যে এ ধরনের সক্ষমতা অর্জনকারী কোনো সত্তার চেতনাকে অস্বীকার করা হবে এক নতুন ধরনের সংকীর্ণতা ও পক্ষপাত।

তবে কিছু এআই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা যা-ই দাবি করুন না কেন, হার্ভার্ডের গবেষক ও দর্শনের সাবেক অধ্যাপক ডেভিড ওয়েইনবার্গার মনে করেন, আমরা যেসব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) সঙ্গে কথা বলি, সেগুলোর কোনো চেতনা নেই। তথ্য-প্রমাণের অভাবে নয়, বরং ধারণাগতভাবেই বিষয়টি অযৌক্তিক বলে মনে করেন তিনি। নিজের লেখা বিউটিফুল পার্টিকুলারস বই থেকে নেয়া এক বিশ্লেষণে তিনি এর দার্শনিক কারণ ব্যাখ্যা করেছেন।

জন সার্লের চাইনিজ রুম ও প্রতীকের সীমাবদ্ধতা
ওয়েইনবার্গারের এই ভাবনার শুরু দার্শনিক জন সার্লের (১৯৩২–২০২৫) বিখ্যাত এক চিন্তা-পরীক্ষা বা থট এক্সপেরিমেন্ট দিয়ে, যা চাইনিজ রুম নামে পরিচিত। ১৯৮০ সালে সার্ল আমাদের কল্পনা করতে বলেছিলেন, আমরা এমন একটি বদ্ধ ঘরে আছি যেখানে একটি ছোট ছিদ্র ছাড়া বাইরে যোগাযোগের আর কোনো পথ নেই। ঘরের ভেতর একটি বিশাল বইয়ে ইংরেজি ভাষায় নিখুঁত নির্দেশনা দেয়া আছে—কীভাবে কিছু হিজিবিজি চিহ্নের সঙ্গে অন্য কিছু হিজিবিজি চিহ্নের মিল খুঁজে বের করতে হয়। এরপর ওই ছিদ্র দিয়ে চীনা ভাষায় লেখা একটি চিরকুট ঘরের ভেতর ঢোকানো হলো। আমরা চীনা ভাষা জানি না, এমনকি চীনা অক্ষরগুলোকে কোনো ভাষা হিসেবেও চিনি না। কিন্তু আমরা বইয়ের নির্দেশনা দেখে সেই চিহ্নগুলো মিলেয়ে নির্দিষ্ট কিছু চিহ্ন কাগজে লিখে ছিদ্র দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম।

চিহ্নের এই নিখুঁত মিলের কারণে ঘরের বাইরে থাকা চীনা ভাষাভাষী মানুষ নিশ্চিতভাবেই ধরে নেবেন যে তারা এমন কারও সঙ্গে অর্থবহ কথোপকথন চালাচ্ছেন, যিনি চীনা ভাষা বোঝেন। অথচ ঘরের ভেতর বসে আমরা কেবল কাগজের ওপর কিছু অদ্ভুত চিহ্ন নাড়াচাড়া করছি, যার কোনো অর্থই আমাদের কাছে নেই।

সার্লের মতে, কম্পিউটারগুলো ঠিক এই কাজটিই করে; এমনকি যেগুলোকে আপাতদৃষ্টিতে সচেতন বলে মনে হয় সেগুলোও। কম্পিউটার কেবল কতগুলো প্রতীক বা চিহ্ন নাড়াচাড়া করে, কিন্তু সেই প্রতীকগুলোর অর্থ কী—কিংবা সেগুলো আদৌ কোনো প্রতীক কি না—সে সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। চাইনিজ রুমের উদাহরণ আমাদের দেখায় যে কেবল প্রতীক ব্যবহারের সক্ষমতা দিয়ে চেতনা তৈরি হয় না। কারণ কোনো প্রতীকের অর্থ আসে তার বাইরে থাকা ভিন্ন একটি চেতনা থেকে। সার্লের ভাষায়, প্রতীকের অর্থ হলো বাহ্যিক; বাইরে থেকে অন্য কোনো সচেতন সত্তাকে সেই অর্থ আরোপ করতে হয়।

অন্যদিকে আমাদের মানবচেতনা সম্পূর্ণ ভিন্ন। গরম হাঁড়ির হাতলে হাত পুড়ে গেলে, কলায় কামড় দিলে কিংবা হাঁটার সময় ডান পায়ের সামনে বাঁ পা ফেললে আমাদের সেগুলোকে আলাদা করে ব্যথা, কলার স্বাদ বা হাঁটা হিসেবে অনুবাদ করে নিতে হয় না। আমাদের মস্তিষ্ক এমন এক জীবন্ত শরীরের অংশ, যা সরাসরি ব্যথা অনুভব করে, খাবারের স্বাদ নেয় এবং নিচের দিকে না তাকিয়েও হাঁটতে জানে। এর জন্য কোনো প্রতীক বা অনুবাদের প্রয়োজন পড়ে না। সার্লের ভাষায়, মানুষের চেতনা হলো সহজাত বা অন্তর্নিহিত; এর অর্থ বোঝার জন্য অন্য কোনো চেতনার সাহায্য লাগে না।

হাইডেগারের দর্শন, মৃত্যুচিন্তা ও দেহসত্তা
কিন্তু চেতনার এই অন্তর্নিহিত রূপটি আসে কোথা থেকে? সার্ল আমাদের তা বলে যাননি। তবে সার্লের অর্ধশতাব্দী আগেই দার্শনিক মার্টিন হাইডেগার (১৮৮৯–১৯৭৬) এর উত্তর দিয়ে গেছেন। ১৯২৭ সালে প্রকাশিত তার কালজয়ী গ্রন্থ বিয়িং অ্যান্ড টাইম-এ তিনি জগতকে আমাদের তাত্ত্বিক ব্যাখ্যার চোখ দিয়ে নয়, বরং প্রতিদিনের সাধারণ অভিজ্ঞতার আলোকে দেখেছেন। তিনি দেখিয়েছেন, আমাদের তাত্ত্বিক বোঝাপড়ার সঙ্গে আমাদের বাস্তব অভিজ্ঞতার প্রায়ই মিল থাকে না।

হাইডেগার লক্ষ্য করেছেন, প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতায় যেকোনো জিনিস আমাদের সামনে ধরা দেয় আমাদের তাৎক্ষণিক কাজ বা উদ্দেশ্যের আলোকে। উদাহরণস্বরূপ, পানি খাওয়ার জন্য হাতের কাছে গ্লাস না থাকলে জ্যামের খালি বয়ামটিকেই কাপ বলে মনে হতে পারে। আবার উদ্দেশ্য ভিন্ন হলে সেই বয়ামটিকেই অস্থায়ী ফুলদানি হিসেবে ব্যবহারের উপযোগী মনে হতে পারে। অর্থাৎ আমরা একই সময়ে দুটি দিক থেকে জগতকে অনুভব করি—আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের নিরিখে বস্তুটির সম্ভাবনা। ওই নির্দিষ্ট সময়ে ও পরিস্থিতিতে আমাদের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ, তার ওপর ভিত্তি করেই জগত আমাদের সামনে ধরা দেয়।

কিন্তু কোনো কিছু আমাদের কাছে আদৌ গুরুত্বপূর্ণ কেন হয়? হাইডেগার বলেন, এর কারণ আমরা জানি যে আমরা ঝুঁকির মধ্যে আছি। কিন্তু ঝুঁকির মধ্যে থাকার বিষয়টি নিয়ে যদি আমাদের কোনো মাথাব্যথা বা পরোয়া না থাকে, তবে এটি দিয়েও কিছু ব্যাখ্যা করা যায় না। আর এখান থেকেই তৈরি হয় এক চক্র—আমরা পরোয়া করি কারণ আমরা জানি আমাদের কাজ এবং আমাদের জীবন সব সময় ঝুঁকির মধ্যে রয়েছে। আবার আমাদের ভেতর এই পরোয়া বা টান আছে বলেই ঝুঁকিটা আমাদের কাছে গুরুত্ব পায়।

হাইডেগার এই চক্রটিকে নামিয়ে এনেছেন আমাদের এই উপলব্ধির জায়গায় যে একদিন আমাদের মৃত্যু হবে—হয়তো আজই। এবং এই মৃত্যু নিয়ে আমাদের মাথাব্যথা আছে। কিন্তু আবারও প্রশ্ন জাগে, কেন? হাইডেগার সরাসরি না বললেও ওয়েইনবার্গার তার চিন্তাকে প্রসারিত করে বলেছেন, এর মূল কারণ আমাদের একটি রক্ত-মাংসের শরীর আছে। সার্ল যে শেষ বিন্দুটির খোঁজ করছিলেন, সেই চক্রটি এখানে এসেই থামে; কারণ নিজের অস্তিত্বের প্রতি টান বা যত্ন শরীরেরই এক সহজাত ধর্ম। শরীরকে ব্যথা এড়াতে হয়, খেতে ও ঘুমাতে হয় এবং আনন্দের অনুভূতি দিয়ে পরিচালিত হতে হয় বলেই এই টান আমাদের ভেতর সহজাতভাবে থাকতে হয়। ঘুমের ঘোর, খিদে, ব্যথা কিংবা আনন্দ কোনো প্রতীক নয় যে তার ব্যাখ্যা বা অনুবাদ লাগবে। তার ওপর আপনার শরীরই সহজাতভাবে আপনি, আর আপনিই সহজাতভাবে আপনার শরীর।

টানের সুনির্দিষ্ট রূপ ও বাস্তব জগতের অভিজ্ঞতা
মমত্ব বা পরোয়া করা এবং আমাদের শরীরী অস্তিত্ব গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এক টুকরো আপেল কেক খেতে ভালো লাগলে সেই চমৎকার স্বাদটি কোনো ব্যাখ্যার বিষয় নয়। পায়ের আঙুলে হোঁচট খেলে যে ব্যথা অনুভূত হয়, সেটিও তা-ই। আর আপনার সন্তান যখন আদর পেতে কোলে এসে ওঠে, আপনি হয়তো সেটিকে ভালোবাসার প্রকাশ হিসেবেই নেন; কিন্তু তার কারণ আপনার শরীর আগেই সেই ভালোবাসা অনুভব করেছে। কোনো অবস্থাতেই সেটি না-বোঝা ভাষার কোনো কালির আঁচড়ের মতো কিছু নয়। আমাদের শরীরই আমাদের সহজাত অভিজ্ঞতার প্রথম ও প্রধান উৎস। আর নানা কিছুর প্রতি আমাদের টান বা পরোয়া করার বহুমুখী ধরনই এই অভিজ্ঞতাকে গড়ে তোলে।

আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতায় এই টান বা যত্ন সব সময় অন্তত তিনটি দিক থেকে সুনির্দিষ্ট। প্রথমত, যত্নের সব সময় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু থাকে এবং সেটির প্রতি মনোযোগ দেয়ার একটি নির্দিষ্ট ধরন থাকে। সেটি জীবনসঙ্গী বা সন্তান হতে পারে, আবার ড্রায়ারে থাকা মোজা, পিঠের চুলকানি কিংবা অ্যাকুয়ারিয়ামের গোল্ডফিশকে খাবার দেয়ার বিষয়ও হতে পারে।

দ্বিতীয়ত, এর প্রেক্ষাপটও সব সময় নির্দিষ্ট। মোজা নিয়ে আপনি ভাবছেন কারণ বাইরে ঠান্ডা পড়েছে; পিঠ চুলকাচ্ছেন কারণ সেখানে অস্বস্তি হচ্ছে; আর গোল্ডফিশকে খাবার দিচ্ছেন কারণ মাছটি মরে ভেসে উঠলে আপনার সন্তানেরা মন খারাপ করবে (এমনকি মাছটির প্রতি আপনার নিজেরও মায়া জন্মে গেছে)।

তৃতীয়ত, এই অনুভূতি সূক্ষ্ম বিষয়ের প্রতিও সংবেদনশীল। অন্য একজন মানুষের প্রতি গভীর মমত্বের একটি মুহূর্ত তৈরি হতে পারে তিনি কীভাবে আপনার দিকে তাকাচ্ছেন, তার কোনো অঙ্গভঙ্গি কিংবা মনোযোগ দিয়ে শোনার সময় তার সামনের দিকে ঝুঁকে বসার ভঙ্গি থেকে।

যত্নের এই সুনির্দিষ্ট রূপটি গড়ে ওঠে সেই জগতের মাধ্যমে, যেখানে আমাদের জন্ম হয়েছে। এই রূঢ় বাস্তবতাকে বোঝাতে হাইডেগার একে বলেছেন থ্রোননেস বা নিক্ষিপ্ততা। আমাদের কোনো সম্মতি ছাড়াই আমরা প্রত্যেকে একটি নির্দিষ্ট সংস্কৃতি, ভাষা, স্থান ও পরিবারে জন্ম নিই। রক্ত-মাংসের শরীরী সত্তা হওয়ার কারণে মানুষ একই সময়ে একাধিক স্থানে বা কালে থাকতে পারে না—এটিই তার বাস্তব অবস্থান।

এই বাস্তব অবস্থান আমাদের মনের পাশাপাশি শরীরকেও গড়ে তোলে। দার্শনিক ও নারীবাদী আইরিস ম্যারিয়ন ইয়ং (১৯৪৯–২০০৬) তার ১৯৮০ সালের বিখ্যাত প্রবন্ধ থ্রোয়িং লাইক আ গার্ল-এ বিষয়টি দারুণভাবে তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বেড়ে ওঠা একজন মেয়ের সাধারণ সামাজিক পরিস্থিতি কীভাবে তার অতি সাধারণ শারীরিক অঙ্গভঙ্গিকেও প্রভাবিত করে—মেয়েরা কীভাবে বই বহন করে বা পাথরের ওপর পা ফেলে ছোট খাল পার হয়—এবং কীভাবে তাদের অনেক কাজের পরিকল্পনার ওপর ‘আমি পারব না’ ধরনের মানসিক বাধা চাপিয়ে দেয়, তার এক বিশদ বিশ্লেষণ দিয়েছেন তিনি।

এটি কেবল এ কারণেই ঘটে যে অভিজ্ঞতার দিক থেকে আমরা কোনো বদ্ধ ঘরে আটকে থেকে দুর্বোধ্য প্রতীকের অর্থ উদ্ধারের কাজ করছি না। রক্ত-মাংসের মানুষ হিসেবে আমরা এই উন্মুক্ত জগতে বসবাস করি, যেখানে হঠাৎ ঝড়-বৃষ্টিতে শরীর ভিজে যাওয়ার অনুভূতি কোনো প্রতীক নয়। আমাদের এই শরীরী অস্তিত্বই হলো জগতের প্রতি আমাদের সহজাত ও সরাসরি উন্মুক্ততা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঠিক এই জিনিসটিরই অভাব রয়েছে। চ্যাটবট হয়তো যুক্তি দিতে পারে, মনে রাখতে পারে এবং মত বদলাতে পারে; কিন্তু তার হারানোর মতো কোনো শরীর নেই বলে তার কোনো কিছুরই ঝুঁকি নেই।

—দ্য এমআইটি প্রেস রিডারের প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে

এএম