তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা, সতর্ক নজর চীনের

ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন ভোটাররা
বিদেশে এখন
0

তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে মেয়র ও স্থানীয় প্রশাসনের প্রধান নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা শুরু হওয়ার কথা রয়েছে। ‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে দ্বীপটির ১১ হাজারের বেশি স্থানীয় সরকার পদে প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ানের প্রধান রাজনৈতিক দলগুলোর জনসমর্থন যাচাইয়ের বড় মাধ্যম হিসেবে দেখা হচ্ছে এই ভোটকে। সকালে ভোট দেওয়ার পর নিজ নিজ দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এবং রাজধানী তাইপের মেয়র প্রার্থীরা। এবারের নির্বাচনি প্রচারণায় স্থানীয় পরিবহন ব্যবস্থা, পরিবেশগত সংকট ও নাগরিক সেবার মতো বিষয়গুলোই মূল ইস্যু হিসেবে গুরুত্ব পেয়েছে।

স্থানীয় এই নির্বাচনের ফলাফল চীন বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্রনীতিতে সরাসরি প্রভাব না ফেললেও পুরো পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে বেইজিং। বিশেষ করে রাজধানী তাইপের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আনের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা পুমা শেনকে ‘বিচ্ছিন্নতাবাদী’ কর্মকাণ্ডের অভিযোগে খুঁজছে বেইজিংয়ের পুলিশ।

এএম