আজ (শনিবার, ২৮ নভেম্বর) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।
রাষ্ট্রপতি বলেন, আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা যাতে কোনো ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সরকার এমন পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের আর্থিক খাতে অতীতের অনিয়মের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার হওয়ায় অর্থনীতি দুর্নীতি ও নৈরাজ্যের চক্রে আটকে পড়েছে।
২০২৪ সালের অর্থনৈতিক শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা বছরে গড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা বা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি রোধ, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন রাষ্ট্রপতি।





