ওসমান খাজার আত্মজীবনীর সূত্র ধরে ৮ বছর পর আবারও আলোচনার কেন্দ্রে ২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের টালমাটাল এ সময়ে এবার বল টেম্পারিং নিয়ে যুক্ত হয়েছে নাথান লায়নের নাম।
কেপটাউন টেস্টের মাত্র কয়েক মাস পর, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও বল টেম্পারিংয়ের চিন্তা করেছিলো অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমের দাবি, বল সুইং না করায় মিন্ট বা লজেন্স দিয়ে বলের অবস্থা পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন নাথান লায়ন। তবে অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের হস্তক্ষেপে সেই উদ্যোগ থেমে যায়।
ঘটনাটি কবে ঘটেছে সেই আভাসও মিলেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সূত্রে। সিনিয়র একাধিক সাংবাদিকের দাবি, ২০১৮ সালের দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এমন সিদ্ধান্ত নেন লায়ন। সেই টেস্টে অভিষেক হওয়া ট্রাভিস হেডও এই পরিকল্পনার বিপক্ষে ছিলেন।
সেই প্রসঙ্গে মুখ না খুললেও স্বস্তিতে নেই লায়ন। ৩৯ বছর বয়সী এ স্পিনারকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গুঞ্জন আছে, দলের ভবিষ্যৎ পরিকল্পনাতেও নেই তিনি। ফলে অস্ট্রেলিয়া দলে লায়নের ক্যারিয়ার নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়েও থামছে না বিতর্ক। সত্য বের করতে এবার ২০১৭-১৮ মৌসুমের পুরো বল ম্যানেজমেন্ট প্রক্রিয়া খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার আওতায় থাকছে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজও।





