স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ মরদেহ উদ্ধার

স্পেনের কোস্টগার্ডের জাহাজে লা রেস্তিঙ্গা বন্দরে পৌঁছেছেন অভিবাসীরা
বিদেশে এখন
0

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ আটলান্টিক সাগরপথে ইউরোপমুখী অভিবাসীদের আগমন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপ থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে প্রথমে নৌকাটি শনাক্ত করা হয়। পরে উদ্ধার অভিযানে গিয়ে নৌকাটির ভেতরেই ১৪ জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় নৌকাটি থেকে ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আকাশপথে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ক্যানারি দ্বীপের উপকূলে আলাদা কয়েকটি নৌকা থেকে অন্তত ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অক্টোবর মাস থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন দ্রুতগতিতে বাড়ছে। এর আগে গত ২৫ নভেম্বর একদিনেই রেকর্ডসংখ্যক ২ হাজার ১০০ অভিবাসনপ্রত্যাশী দ্বীপপুঞ্জটিতে পৌঁছান।

এদিকে স্পেনে সাধারণ নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই প্রাণহানির ঘটনা দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এবারের নির্বাচনে অন্যতম প্রধান ও আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে অভিবাসন নীতি।

এএম