নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

অ্যাড. মো. সাখাওয়াত হোসেন খান অনুদান বিতরণ করছেন
বিদেশে এখন
0

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রম ও নগরবাসীর জন্য তাদের অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নাগরিকরা একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের মতো আনন্দঘন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা সবার দায়িত্ব।’

আরও পড়ুন:

এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। অনুদান পেয়ে উপকৃত কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে পরিচালিত এ ধরনের উদ্যোগ ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত কর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এএম