আলোচনার আড়ালে স্থল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ইরানের স্পিকার

মোহাম্মদ বাঘের ঘালিবাফ
বিদেশে এখন
0

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার বার্তা দিচ্ছে, কিন্তু গোপনে স্থল বাহিনী দিয়ে হামলার পরিকল্পনা করছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ–তে প্রকাশিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরএনএ–র প্রতিবেদনে ঘালিবাফকে উদ্ধৃত করে বলা হয়, ‘শত্রু প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে, কিন্তু গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের লোকজন মাটিতে মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় আছে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য।’ ঘালিবাফ জানান, মার্কিন স্থল সেনা এলে তা মোকাবিলায় ইরানি বাহিনী প্রস্তুত।

ঘালিবাফ বলেন, ‘ট্রাম্প ইরানকে ধসে পড়ার দিকে ঠেলে দেয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু রমজান যুদ্ধের আগে যে প্রণালি খোলা ছিল, তা আবার খুলে দেয়ার বিষয়টি এখন তার অপূর্ণ ‘অপারেশনাল ইচ্ছা’ হয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে এবং এফ-৩৫ থেকে শুরু করে বিমানবাহী রণতরী পর্যন্ত ‘আমেরিকান শক্তির’ প্রতীকগুলো বড় ক্ষতির মুখে পড়েছে।’

আরও পড়ুন:

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ১৫ দফা তালিকা দিয়ে নিজেদের ইচ্ছার কথা বলছে এবং যুদ্ধের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করতে পারেনি, সেটিই এগিয়ে নিতে চাইছে। তার ভাষ্য অনুসারে, ইরানি বাহিনী মার্কিন সেনাদের স্থল প্রবেশের অপেক্ষায় আছে।

এদিকে আজ (রোববার, ২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩ হাজার ৫০০ সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এএম