পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তারকা প্রার্থীদের ভিড়ে জমে উঠছে ভোটের মাঠ

তারকা প্রার্থীরা ভোটের মাঠে
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে আবারও আলোচনায় তারকা প্রার্থীরা। ২০১১ সালের নির্বাচনে প্রথমবার অভিনেতা, সংগীতশিল্পী ও ক্রীড়াবিদদের প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই রাজনীতিতে সেলিব্রেটি প্রার্থীদের অংশগ্রহণ ক্রমেই বাড়তে থাকে।

সেই নির্বাচনে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলও একই পথে হাঁটে। ফলে লোকসভা ও বিধানসভা—দুই নির্বাচনেই বিনোদন ও ক্রীড়া জগতের পরিচিত মুখদের প্রার্থী করার প্রবণতা বেড়েছে।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধীদল বিজেপি; উভয় দলই একাধিক তারকা প্রার্থী দিয়েছে। তবে বাম দলগুলোর উপস্থিতি তুলনামূলকভাবে কম।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় রয়েছেন অভিনেত্রী লাভলী মৈত্র (সোনারপুর), নয়না ব্যানার্জি (চৌরঙ্গী), সায়ন্তিকা ব্যানার্জি (বরানগর), শ্রেয়া পান্ডে (মানিকতলা), অভিনেতা সোহম চক্রবর্তী (করিমপুর) এবং পরিচালক রাজ চক্রবর্তী (ব্যারাকপুর)।

এছাড়া, সংগীতশিল্পী অদিতি মুন্সি (রাজারহাট-গোপালপুর) ও ইন্দ্রনীল সেন (চন্দননগর), সাবেক ক্রিকেটার শিবশংকর পাল (তুফানগঞ্জ) এবং সাবেক ফুটবলার বিদেশ বসু (সপ্তগ্রাম)ও রয়েছেন তালিকায়।

অন্যদিকে, বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (শিবপুর), হিরণ চ্যাটার্জি (শ্যামপুর), অভিনেত্রী শর্বরী মুখার্জী (যাদবপুর), পাপিয়া দে অধিকারী (টালিগঞ্জ) এবং রূপা গাঙ্গুলী (সোনারপুর দক্ষিণ)। ক্রীড়া ও সংগীত জগত থেকে রয়েছেন সংগীতশিল্পী অসীম সরকার (হরিণঘাটা) ও সাবেক ক্রিকেটার অশোক দিন্ডা (ময়না)।

আরও পড়ুন:

তারকা প্রার্থীদের নিয়ে রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন মতও রয়েছে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বলেন, ‘মানুষ কাজের ভিত্তিতেই ভোট দেয়, প্রার্থীর পেশা দেখে নয়।’

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘অনেকে নিজের মূল পেশায় আয় কমে যাওয়ায় বিকল্প হিসেবে রাজনীতিতে আসছেন। তবে এতে প্রতিযোগিতা আরও বাড়ছে।’

সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, ‘মুখ দেখে নয়, মানুষকে দেয়া কাজের হিসাবেই ভোট হওয়া উচিত।’

নির্বাচনি প্রচারের দিনগুলোতে তারকা প্রার্থীদের দেখা মেলে নানা এলাকায়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালান, প্রতিশ্রুতি দেন, সেলফি তোলেন। ফলে ভোটের মাঠে তারকা প্রার্থীরা বাড়তি আলোচনার জন্ম দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারকা প্রার্থীরা প্রচারে বাড়তি আকর্ষণ তৈরি করলেও; ভোটের ফল নির্ধারণে মূল ভূমিকা রাখে স্থানীয় সমস্যা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততা।

এসএইচ