যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। আইডিএফের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। জবাবে উত্তর ইসরাইলের মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দাবি লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়।
লেবাননে ইসরাইলের হামলা, যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান। আর এই হামলা যুদ্ধবিরতির তিনটি শর্তের স্পষ্ট লঙ্ঘন এবং এমন পরিস্থিতিতে আলোচনা অযৌক্তিক বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। আর যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নেয়ার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন জাহাজ, সামরিক কর্মী ও বিমান ইরানের চারপাশে অবস্থান করবে। যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি সম্পূর্ণরূপে মেনে না নেয় তাহলে আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধায় হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসি নৌ শাখা। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে চায়, তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্সের নেতৃত্বে ১৫টি দেশ এক হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। লেবাননে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সিরিয়া।
আগামী শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যার নেতৃত্ব দেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স।





