ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধ বাড়ানোর খবরে তেলের বাজারে চড়া ভাব

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ইরানি বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তেলের বাজারে এই চড়া ভাব দেখা দিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার রাতে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে ইরানি বন্দরগুলোতে জাহাজ আসা-যাওয়া ঠেকাতে অবরোধের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে আজ বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ০১:৫৪ মিনিট পর্যন্ত জুন মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১১১ ডলার ৭৮ সেন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা আট দিন ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল। অন্যদিকে, আগামী জুলাইয়ের জন্য তেলের আগাম বাজারদরও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৮৪ সেন্টে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। এর আগের সেশনেও ডব্লিউটিআই তেলের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছিল। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এই তেলের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, হরমজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা এবং ট্রাম্প প্রশাসনের অনড় অবস্থানের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে।

এএম