ফল ঘোষণার অপেক্ষায় ৫ রাজ্য: বুথফেরত সমীক্ষায় বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহ
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হলেও ফল গণনা ৪ মে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম, পুদুচেরিতে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তা দেখতে মুখিয়ে আছে সবাই। এ অবস্থায় জয়-পরাজয়ের হিসেবে মেলাতে কাজ শুরু করেছে বুথফের জরিপ নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়, আলোচিত রাজ্য পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে বিজেপি। কোথাও কোথাও মিলছে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে দুই ধাপে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরমধ্য দিয়ে বুধবার ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। ৯, ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হলেও সব রাজ্যেই আনুষ্ঠানিক ফল গণনা ৪ মে। তবে বুথফেরত জরিপে চলছে জয়-পরাজয়ের সীমকরণ।

পশ্চিমবঙ্গ

এরমধ্যে সবচেয়ে আলোচনায় পশ্চিমবঙ্গ। চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসই কি ক্ষমতায় টিকে থাকতে পারবে; নাকি মসনদ চলে যাবে বিজেপির দখলে তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় জয়ের জন্য ম্যাজিক ফিগার ১৪৮ আসন। অনেক বুথফেরত জরিপে এখন পর্যন্ত তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে বিজেপি। এরমধ্যে পি-মার্কের সমীক্ষায় পশ্চিমবঙ্গে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে বিজেপি। আর তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদিকে পিপলস পালস-এর সমীক্ষায় ১৭৮ থেকে ১৮৯টি আসন নিয়ে এগিয়ে তৃণমূল। যেখানে বিজেপি ৯৫ থেকে ১১০টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বুথফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।

কেরালা

কেরালার ১৪০ আসনের বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ৭১ আসন। ‘অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার’ বুথ ফেরত সমীক্ষায় রাজ্যটিতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউডিএফ) ৭৮ থেকে ৯০টি আসনে জয় পেতে পারে। সিপিআইএম নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) পেতে পারে ৪৯ থেকে ৬২ আসন। আর বিজেপি পেতে পারে সর্বোচ্চ ৩ আসন।

তামিলনাড়ু

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ২৩৪টি আসেনর মধ্যে ১১৮ আসনে জয় প্রয়োজন। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ এর সমীক্ষা অনুযায়ী ডিএমকে ৯২ থেকে ১১০ আসনে জয় পেতে পারে। আর এআইএডিএমকে পেতে পারে ২২ থেকে ৩২ আসন। আর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া, থালাপাতি বিজয়ের দল-টিভিকে ৯৮ থেকে ১২০ আসনে জয় পেতে পারে বুথ ফেরত জরিপে ওঠে এসেছে। তবে অন্য কিছু জরিপে টিভিকে পিছিয়ে থাকার আভাসও মিলছে।

আসাম

এদিকে আসামে টানা তৃতীয়বারের বিজেপির হাতে শাসনভার যাওয়ার ইঙ্গিত মিলেছে। রাজ্যটিতে ১২৬ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ৬৪। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় অনুযায়ী আসামে ৮৮ থেকে ১০০ আসনে জয় পেতে পারে বিজেপি। আর ২৪ থেকে ৩৬ আসন পেতে পারে কংগ্রেস।

পুদুচেরি

এদিকে পুদুচেরির ৩০টি আসনে সরকার গঠনে প্রয়োজন ১৬ আসন। পিপল পালস এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ১৬ থেকে ১৯ আসন। আর কংগ্রেস ১০ থেকে ১২ টি।

অনেক সময় জয়-পরাজয়ের এসব ইঙ্গিত মিলে গেলেও; আসল ফলাফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা তথ্যের অনেক ফারাক থাকে। অর্থাৎ, বুথ ফেরত জরিপ জয়-পরাজয়ের আসল মাপকাঠি নয়, কেবল জরিপ মাত্র।

ইএ