বরগুনা সদর উপজেলার পশ্চিম ধূপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের জরাজীর্ণ ঘরটি সামান্য বৃষ্টিতেই চালা দিয়ে পানি পড়ে, ক্লাসরুম হয়ে ওঠে স্যাঁতস্যাঁতে। আর গ্রীষ্মে হয়ে ওঠে আগুন গরম। এতে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এমন প্রতিকূল পরিবেশেই চলছে শিশুদের পাঠদান। শিক্ষার্থীরা জানান, ভালো ক্লাস রুম ও ফ্যান না থাকার অসুস্থ হচ্ছেন তারা।
বরগুনার ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১১টির ভবন নির্মাণ হয়নি দীর্ঘ ২৫ বছরেও। এতে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়েছে এসব বিদ্যালয়। পিলার ফাটা, ছাদের পলেস্তারা খসার ঘটনায় আতঙ্কে দিন কাটছে শিক্ষক-শিক্ষার্থীদের।
প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সদরে ৪০টি, আমতলীতে ২৮টি, পাথরঘাটায় ৪০টি, বেতাগীতে ৩৬টি, তালতলীতে ২১টি এবং বামনায় ১২টি ভবন চরম ঝুঁকিপূর্ণ। শিক্ষকরা বলছেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করেও মেলেনি সুফল।
শিক্ষকরা জানান, কিছুই নাই। শুধু পড়াশোনা টিচার আছে। আর বেঞ্চ আছে আর একটা স্কুল আছে টিনের।
আবার কিছু এলাকায় নতুন ভবন ও কোটা পূর্ণ শিক্ষক থাকলেও পর্যাপ্ত শিক্ষার্থী নেই। কোথাও শিক্ষার্থীর তুলনায় বেশি শিক্ষক থাকার মতো বৈষম্যও রয়েছে জেলায়। সব সুবিধার পরও শিক্ষার্থী না থাকার দায়- মাদ্রাসার ওপর চাপালেন শিক্ষকরা।
শিক্ষকরা জানান, অনেকে মাদ্রাসার দিকে ঝুঁকছেন। তারপরও আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছি।
এদিকে জরাজীর্ণ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ এলে নতুন ভবন নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. ছালেহ বলেন, ‘সফটওয়্যার সব তথ্য আছে স্কুলের। আপনি এখন ঢুকলে একটা স্কুলের আইএমএস দিয়ে ঢুকলে দেখবেন ওই স্কুলের তথ্যগুলো আছে। এখন ওখান থেকে তারা স্কুলগুলা পিকআপ করে। জরাজীর্ণ তালিকা বললাম না একটা প্রকল্প করতেছে এখন ওই যে ফ্রি পাইবে ডিজাইন করতেছে। হয়তো সেটা করলে পাশ হয়ে গেলে হয়তো তালিকা চাওয়া হবে।’
যে বয়সে আনন্দ আর নিরাপদে পড়ালেখা করার কথা, সেখানে বরগুনার অনেক শিশুর শিক্ষাজীবন কাটছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে- এমনটাই প্রত্যাশা সবার।





