পরাজয়ের পরও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নীতিতে অনড় ট্রাম্পপন্থীরা

‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ক্যাপ
বিদেশে এখন
0

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হলেও মার্কিন রাজনীতিতে ট্রাম্পের প্রভাব বা ট্রাম্প-ইজম সহসা কমছে না। বরং ট্রাম্পের অনুসারীরা আরও প্রবলভাবে উগ্র জাতীয়তাবাদী চেতনা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নীতিতে জোর দেয়ার পক্ষে। মন্ত্রিসভার সবচেয়ে ট্রাম্পপন্থী সদস্য, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন থেকে রক্ষা করে- সেই বার্তা দিচ্ছেন বিদায়ী হাউজ রিপাবলিকানরা। সিএনএন’র বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন বিশ্লেষণ।

মধবর্তী নির্বাচনে ব্যাপক ধাক্কা খাওয়ার পর, অপ্রত্যাশিত এক কৌশল বেছে নিয়েছেন রিপাবলিকানরা। যেখানে ধারণা করা হচ্ছিল, নির্বাচনে ভরাডুবির কারণে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব অনেকটাই কমে যাবে, সেখানে ট্রাম্পবাদ বা ট্রাম্প-ইজমের উত্থান দিয়ে পরাজয় মোকাবিলার পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের আস্থাভাজনরা।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম প্রবক্তা স্টিফেন মিলারের পদন্নোতি, আগামী বছর হাউজ রিপাবলিকানদের মাইনোরিটি লিডার হিসেবে জিম জর্ডানকে মনোনীত করা কিংবা মন্ত্রিসভার সবচেয়ে ট্রাম্পপন্থী সদস্য, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন থেকে রক্ষা- এইসব ইঙ্গিত করে ট্রাম্প শিবির কোনোভাবেই স্বীকার করছে না, প্রশাসনের ব্যর্থতার কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় হয়েছে।

কারণ, ট্রাম্পকে বাদ দিলে, মেগা রাজনীতিতে জর্ডান ও মিলারের চেয়ে বেশি আক্রমণাত্মক জুটি আর নেই। সিএনএনের বিশ্লেষণ, এই পরাজয়ের পর রিপাবলিকান পার্টি আত্মোপলব্ধি বা ভুল সংশোধনের চেষ্টা না করে উল্টো ভোটারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। বিদায়ী স্পিকার মাইক জনসনও সিএনএনকে বলেছেন, ভোটাররা ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

জিম জর্ডান হলেন এমন কৌশলী রিপাবলিকান, যিনি সরকারের চেয়ে বিরোধী দলেই বেশি কার্যকর। আগামী বছর রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের তদন্ত অভিযান শুরু হলে তিনিই হবেন ট্রাম্পের প্রথম প্রতিরক্ষা ঢাল। তার পদোন্নতি অন্তত এটা নিশ্চিত করে ট্রাম্পের রিপাবলিকান পার্টির মধ্যে কোনো অনুশোচনা বা পিছু হটা নীতি থাকবে না।

প্রশ্ন ওঠে ট্রাম্প এখনও কেন তার নীতিতে কোনো পরিবর্তন আনবেন না। সাধারণত এমন বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তন করে মধ্যপন্থি হওয়ার চেষ্টা করাই প্রথা। কিন্তু ট্রাম্প তার একনিষ্ঠ সমর্থক ও বিশ্বাসী ভোটারদের ওপর আস্থা রেখেই মেয়াদকালের বাকি ২ বছর বাজি ধরতে চান। সিএনএন’র বিশ্লেষণ বলছে, এতে করে ওয়াশিংটনে বিশৃঙ্খলা বাড়বে, শুরু হবে পলিটিক্যাল ‘সার্কাস’।

এই সব কিছুই ইঙ্গিত করে, আইনি জটিলতা, তদন্ত কিংবা আইন প্রণয়নে বাধা- যাই আসুক না কেন ক্ষমতার শেষ দুই বছর আধিপত্যের সাথেই দেশ চালাতে চান ট্রাম্প। আর দলের এই দুঃসময়ে ভালো করে চিনে নিতে চান, কারা তার প্রকৃত অনুসারী।

জেআর