মধ্যপ্রাচ্য যুদ্ধ: হয় চুক্তি নয়তো ভয়াবহ বোমাবর্ষণ, তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানে মানুষ যুক্তরাষ্ট্রবিরোধী বিলবোর্ডের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছেন
বিদেশে এখন
0

ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে গুলি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন করে চরমপত্র দেওয়ার পরপরই বুধবার এই হামলার ঘটনা ঘটে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হয়, তবে দেশটিতে আগের চেয়েও ‘আরও বড় পরিসরে ও ব্যাপক তীব্রতায়’ বোমাবর্ষণ শুরু করবে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, একটি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মার্কিন যুদ্ধবিমান থেকে গুলি ছুড়ে সেটির হাল (রাডার) অকেজো করে দেয়া হয়। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়ে নানা পরস্পরবিরোধী খবরের মধ্যেই ট্রাম্পের এই কঠোর অবস্থান সামনে এলো।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরান যদি সব শর্ত মেনে নেয়, তবেই আমাদের সামরিক অভিযান ‘এপিক ফিউরি’র সমাপ্তি ঘটবে। আর যদি তারা রাজি না হয়, তবে পুনরায় বোমাবর্ষণ শুরু হবে এবং তা হবে অত্যন্ত ভয়াবহ।’

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ইসরাইল ‘সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত’ রয়েছে। তবে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক অডিও বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতি স্বীকার করাতে চায়, কিন্তু তেহরান হার মানবে না।

আরও পড়ুন:

এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, দুই দেশ যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের জবাব আশা করছে ওয়াশিংটন।

ট্রাম্প আগামী সপ্তাহে চীন সফরে যাওয়ার আগেই এই অচলাবস্থা কাটাতে আগ্রহী বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, অন্তত ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে হরমুজ প্রণালির পশ্চিমে প্রায় ৮০০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন। ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইনের ভয় দেখানোয় বাণিজ্যিক জাহাজগুলো এই পথ ব্যবহার করতে পারছে না, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে।

অন্যদিকে, সৌদি আরবের আপত্তির মুখে ট্রাম্প গত মঙ্গলবার তার ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। সৌদি আরব তাদের আকাশসীমা ও বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়ার হুমকি দেয়ায় ট্রাম্প এই পিছুটান দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএম