তেলের বাজার স্থিতিশীল করতে ৫ কোটি ব্যারেল তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র

টেক্সাসের ব্রায়ান মাউন্ড পেট্রোলিয়াম তেল সংরক্ষণাগার
বিদেশে এখন
0

ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে ওঠা তেলের বাজার নিয়ন্ত্রণে জরুরি মজুত থেকে ৫ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল (সোমবার, ১১ মে) দেশটির জ্বালানি বিভাগ এই সিদ্ধান্ত জানায়। মূলত বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম কমানোর বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন জ্বালানি সংস্থাকে এই তেল ঋণ হিসেবে দেয়া হবে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মার্চে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) উদ্যোগে ৩০টি দেশ মিলে বিশ্ববাজারে ৪০ কোটি ব্যারেল তেল সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তারই অংশ। ওয়াশিংটন সব মিলিয়ে তাদের জরুরি মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার অঙ্গীকার করেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত দেশটি প্রায় সাড়ে ৩ কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহ করেছে।

ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ এই পথ দিয়েই সরবরাহ করা হতো। এই নৌপথ বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বা ব্যারেলপ্রতি ৩০ ডলার পর্যন্ত বেড়েছে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তেল রপ্তানির বিকল্প পথ খুঁজে পেলেও প্রতিদিন প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) হলো বিশ্বের বৃহত্তম জরুরি তেলের মজুত, যা ১৯৭৫ সাল থেকে যেকোনো বড় সরবরাহ সংকট মোকাবিলায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

এএম