কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী হামাদ সুলেইমান আল-মাশান এই ঘটনাকে ‘শত্রুতামূলক কাজ’ হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানানো হয়েছে।
আল-মাশান এই ঘটনাকে কুয়েতের সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে কুয়েতের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।’
এর আগে কুয়েত জানিয়েছিল, ইরানের রেভল্যুশনারি গার্ডের চারজন সন্দেহভাজন সদস্য সমুদ্রপথে দেশটিতে প্রবেশের চেষ্টা করে। কুয়েতি কর্তৃপক্ষের দাবি, তারা দেশটিতে ‘শত্রুতামূলক’ কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এই অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশকারীদের সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে কুয়েতের এক সেনাসদস্য আহত হয়েছেন। চার অনুপ্রবেশকারীর মধ্যে দুজনকে আটক করা সম্ভব হলেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।





