শেনজেনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক; চার দফা যৌথ ঘোষণা প্রকাশ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং,  ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রযুক্তি শহর শেনজেনে নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে শান্তির লক্ষ্যে চার দফার একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেছেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শেনজেনের কাইলিন ভিলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকে বসেন। বৈঠকে ইরান ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, জ্বালানি নিরাপত্তা এবং জাতিসংঘের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিন নেতা। বিবিসি ও আনাদোলুর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিট) শুরু হওয়া এই বৈঠক প্রায় ৮০ মিনিট স্থায়ী হয় এবং বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শেষ হয়। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই তিন নেতা উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে একান্তে ত্রিপক্ষীয় বৈঠকের ঘটনা ইতিহাসে এটিই প্রথম। বৈঠক শুরুর আগে তিন দেশের পতাকা সজ্জিত মঞ্চে ছবির জন্য দাঁড়ান তারা। নীল রঙের পটভূমিতে চীনা, রুশ ও ইংরেজি ভাষায় লেখা ছিল চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র শেনজেন শীর্ষ সম্মেলন। এ সময় মাঝখানে দাঁড়ান শি জিনপিং এবং তার বাঁ পাশে ট্রাম্প ও ডান পাশে পুতিন অবস্থান নেন। এরপর কক্ষের ভেতরে একটি বিশাল কাঠের টেবিলের চারপাশে বসে আলোচনায় অংশ নেন তারা।

বৈঠক শেষে ক্রেমলিন ও চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চার দফার যৌথ ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করে। এতে বলা হয়, কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে তিন রাষ্ট্রপ্রধান গভীরভাবে মতবিনিময় করেছেন এবং এই বৈঠক আয়োজনের জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট।

প্রথম দফা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার মৌলিক দায়িত্ব পালন করতে পারে।

দ্বিতীয় দফা

স্থিতিশীল জ্বালানি প্রবাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করে সব দেশের কল্যাণে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে।

তৃতীয় দফা

তিন রাষ্ট্রপ্রধান স্বীকৃতি দিয়েছেন যে রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং সমজাতীয় অন্যান্য সংস্থাকে যাতে তাদের এখতিয়ার বা ক্ষমতার অপব্যবহার করতে না দেয়া হয়, সে বিষয়েও একমত হয়েছেন তারা।

চতুর্থ দফা

নেতারা পুনর্ব্যক্ত করেছেন যে পরমাণু যুদ্ধে কখনোই জয়ী হওয়া যায় না এবং এই যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। পরমাণু ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন দেশ সংলাপ চালাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে উষ্ণ অভ্যর্থনা ও সফল এপেক সম্মেলন আয়োজনের জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, প্রথমবারের মতো এই ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তারা সত্যিকার অর্থেই ইতিহাস গড়ছেন। বিশ্বের বৃহত্তম তিন দেশের প্রেসিডেন্ট হিসেবে ফলপ্রসূ সংলাপ বজায় রাখার ক্ষেত্রে তাদের বিশেষ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অতীতের নেতাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘অতীতে নেতারা প্রায়ই মতবিরোধ থাকা দেশগুলোর সঙ্গে কথা বলা এড়িয়ে চলতেন। আমরা তার বিপরীতটা মনে করি। আলোচনা ও কথা বলার সুযোগ প্রত্যাখ্যান করে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।’

তিন দেশের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করার জন্য তারা অনন্য অবস্থানে রয়েছেন এবং অন্য দেশে পরমাণু অস্ত্র বিস্তারের হুমকি মোকাবিলায় তাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। এ সময় ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানে আমরা ঠিক সেই কাজটিই করছি। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না।’ এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ইতিমধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুতিন এই যুদ্ধের অবসান দেখতে চান বলে তার মনে হয়েছে এবং অপর পক্ষও তা চায় বলে তিনি আশা করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তিন দেশের নেতাদের এই প্রথম বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করে আলোচনা শুরু করেন শি জিনপিং। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত। প্রতিকূলতাই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়।’ চীনা প্রেসিডেন্ট বলেন, আজকের বিশ্ব আর বিচ্ছিন্ন কিছু দ্বীপের সমষ্টি নয়; মানবজাতি এখন একটি অভিন্ন বৈশ্বিক গ্রামে বসবাস করে, যেখানে সবার ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। এই বিশ্বে প্রধান শক্তিগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে এবং শান্তিপূর্ণ সহাবস্থান, সামগ্রিক স্থিতিশীলতা ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে বাকি বিশ্বের জন্য উদাহরণ তৈরি করতে হবে।

অন্যান্য নেতাদের বক্তব্য দেয়ার আহ্বান জানানোর আগে শি জিনপিং আরও বলেন, ‘প্রধান শক্তিগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনো পছন্দের বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক শর্ত।’ চীনের উদাহরণ টেনে তিনি বলেন, নতুন যুগের জন্য রাশিয়ার সঙ্গে সমন্বিত কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিয়েছে বেইজিং এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে চেষ্টা করেছে।

অন্যদিকে রুশ বার্তা সংস্থা তাস জানায়, বৈশ্বিক স্থিতিশীলতা জোরদার করতে তিন দেশের গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান ভ্লাদিমির পুতিন। তিনি উল্লেখ করেন, কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি হিসেবেই নয়, জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও আন্তর্জাতিক আইন শক্তিশালী করা এবং বিশ্বশান্তি বজায় রাখার যৌথ দায়িত্ব এই তিন দেশের ওপর বর্তায়। বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি ইউক্রেনসহ আঞ্চলিক সংঘাতগুলোর সমাধান নিয়ে আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানান, ট্রাম্পের উদ্যোগে ইউক্রেন সংঘাতের বিষয়টিতে বিশেষ মনোযোগ দেয়া হয়েছে এবং এর আগে শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

বিবিসির বিশ্লেষকদের মতে, ১৯৪৫ সালে ক্রিমিয়ার ইয়াল্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী ইউরোপের পুনর্গঠন নিয়ে যেভাবে বৈঠক করেছিলেন, রাশিয়া শেনজেনের এই বৈঠকটিকে অনেকটা সেই ইয়াল্টা সম্মেলনের নতুন সংস্করণ হিসেবে দেখছে। ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা আশা করেছিল, তাদের অনুপস্থিতিতে এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে না। কিন্তু ট্রাম্প কেবল আলোচনা করার কথাই নিশ্চিত করেননি, বরং একে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বলে অভিহিত করে আগ্রাসনকারী হিসেবে মস্কোর ভূমিকাকে আড়াল করেছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শুরু হওয়া এই যুদ্ধে পুতিনকে ছাড় দেয়ার পাশাপাশি তাকে পরাশক্তির একটি বড় বৈশ্বিক মঞ্চ উপহার দিয়েছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু ও ভ্লাদিমির বলে সম্বোধন করে তার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি, যা ওয়াশিংটনের মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেন ও ইরানের মতো দুটি অমীমাংসিত যুদ্ধে জড়িয়ে থাকা দুই অপ্রত্যাশিত নেতার মাঝখানে বসে নিজেকে একজন স্থিতিশীল বিশ্বনেতা হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এএম