হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায়ের বিরোধী চীন; জানালো হোয়াইট হাউস

স্ট্রেইট অব হরমুজে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস
বিদেশে এখন
0

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের টোল বা মাশুল আদায়ের প্রস্তাবের বিরোধিতা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের পর হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এই বৈঠকে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ওপর বিশেষ জোর দেয়া হয়। হোয়াইট হাউস জানায়, পারস্য উপসাগর থেকে তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে চীন এখন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার কথা ভাবছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ বন্ধে শি জিনপিং সহায়তার প্রস্তাব দিয়েছেন। তেহরানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকেও তিনি উসকানিমূলক নয় বলে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘তিনি (শি জিনপিং) বলেছেন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবেন না, তিনি বেশ জোর দিয়েই এটি বলেছেন।’ ট্রাম্প আরও যোগ করেন, ‘তিনি হরমুজ প্রণালি খোলা দেখতে চান এবং বলেছেন যদি কোনোভাবে তিনি সাহায্য করতে পারেন, তবে অবশ্যই করবেন।’

যদিও এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে চীন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও উন্নত স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে চীন এই যুদ্ধ বন্ধে আগ্রহী বলে মনে করছেন বিশ্লেষকরা। চ্যাথাম হাউসের অ্যাসোসিয়েট ফেলো আহমেদ আবৌদুহ বলেন, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এবং হরমুজ প্রণালি যেন আবার উন্মুক্ত হয়—এই দুই বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান একই।

এদিকে চীনের তেলের প্রধান ক্রেতা হিসেবে ইরান এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। ইরানের তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই যায় চীনে। ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তারা কয়েকটি চীনা জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে। তেহরানের ‘ব্যবস্থাপনা প্রোটোকল’ মেনেই এই যাতায়াত শুরু হয়েছে বলে দাবি তাদের।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত বুধবার রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে এই পথ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে, যার মধ্যে চীনা জাহাজও রয়েছে। তবে এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ ইরান জব্দ করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেডিং অর্গানাইজেশন।

এএম