বৈশ্বিক উষ্ণায়ন: তীব্র তাপপ্রবাহের ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়া

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে তাপপ্রবাহ বেড়েছে। এ কারণে বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। এমনকি এর প্রভাব পড়ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়।

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে আবহাওয়ায় নানা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তনের ফলে এশিয়ার বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক গরম বা ঠাণ্ডা, বৃষ্টিপাত, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, দাবানল নিয়মিত ঘটতে পারে।

বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে গবেষণা সংস্থা, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন বলছে, বিশ্বজুড়ে এ বছর তাপমাত্রার অতীতের রেকর্ড ভেঙে যেতে পারে। ইতোমধ্যে আফ্রিকা, এশিয়া ও অন্যান্য স্থানে দাবানল দেখা দিয়েছে।

লন্ডন ইম্পেরিয়াল কলে‌জের দাবানল বিশেষজ্ঞ থিওডোর কিপিং বলেন, যদিও বিশ্বের অনেক অংশে দাবানলের মৌসুম এখনও তীব্র হয়ে ওঠেনি। তবে এল নিনোর প্রভাবে খুব শিগগিরই এটি শুরু হবে। আমাদের সামনে একটি ভয়াবহ বছর।

এছাড়া শক্তিশালী এল নিনোর প্রভাবে এ বছর মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হবে। বাংলাদেশ আগামীতে চরম তাপমাত্রার ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হবে। তাছাড়া ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে একটি বড় তাপপ্রবাহের আশংকার কথা জানিয়েছে ইউরোপের মহাকাশ সংস্থা।

আরও পড়ুন:

এদিকে, ভারতের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক বেড়েছে। অতিরিক্ত গরম মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, জনস্বাস্থ্য এবং গবাদিপশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন, সমগ্র উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে তাপপ্রবাহ চলছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে হতে শুরু করবে। এর কারণ আমরা কিছু পশ্চিমা তাপপ্রবাহের প্রত্যাশা করছি, যা হিমালয় অঞ্চল এবং সমতল ভূমিতে প্রভাব ফেলবে।

ভারতের জনবহুল রাজ্য উত্তর প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহে গর্ভবতী নারীদের পানিশূন্যতা এবং হিটস্ট্রোকসহ তাপজনিত অসুস্থতার ঝুঁকি বেড়েছে। হাসপাতালে গর্ভবতী নারীদের বাড়ির ভেতরে থাকতে, প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করতে, অ্যালকোহল ও কফি এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

সুরাট সিভিল হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীলম প্রজাপতি বলেন, আসলে, গর্ভাবস্থায় রক্তচাপ সাধারণত কম থাকে। এই সময়ে মহিলারা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে হিটস্ট্রোকে আক্রান্ত হন। তখন তাদের রক্তচাপ কমে যেতে পারে এবং তারা অজ্ঞানও হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে গর্ভের শিশুটিও বিপদের সম্মুখীন হতে পারে।

এছাড়া এই অস্বাভাবিক তাপপ্রবাহ কৃষিখাতের জন্যও উদ্বেগের বিষয়। সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে অধিকাংশ ফসলের উৎপাদন কমতে শুরু করে।

ইএ