ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি; বড় অগ্রগতির দাবি ট্রাম্পের, দ্বিমত ইরানের

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানতে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শনিবার, ২৩ মে) তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে আলোচনার মাধ্যমে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে, যা এখন কেবল আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষায়।’

তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। তাদের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিনিময় হওয়া প্রস্তাবের সবশেষ সংস্করণ অনুযায়ী হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। ট্রাম্পের দাবিকে ‘অসত্য’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। ফারস নিউজ আরও জানায়, যাতায়াতকারী জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে ইরান রাজি হলেও তার মানে এই নয় যে আগের মতো ‘অবাধ যাতায়াত’ থাকবে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প যে সমঝোতা স্মারকটি চূড়ান্ত করতে যাচ্ছেন, তার আওতায় ইরানের সঙ্গে শত্রুতার অবসান ঘটবে। পর্যায়ক্রমে হরমুজ প্রণালি খুলে দেয়া হবে এবং ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া হবে। চুক্তির অংশ হিসেবে বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের অর্থ অবমুক্ত করা হতে পারে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম মজুতের মতো অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য অন্তত ৩০ দিনের একটি আলোচনার সময়সীমা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন:

আলোচনা সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র জানায়, এই চুক্তি দুটি ধাপে বাস্তবায়িত হতে পারে। প্রথম ধাপে ইরান হরমুজ প্রণালিকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে এবং ওই অঞ্চলে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে দেশটি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে ইরানকে তেল বিক্রির অনুমতি দেয়া হবে। দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে পরমাণু ইস্যু ও অন্যান্য বিস্তৃত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ রোববার সকালে শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের উদ্যোগকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন।

এএম