গাজা ফ্লোটিলায় ইসরাইলি নির্যাতনের ঘটনা তদন্তের আহ্বান ফ্রান্সের

গাজা ফ্লোটিলা
বিদেশে এখন
0

গাজা অভিমুখে যাওয়া সাহায্যকারী বহরে (ফ্লোটিলা) থাকা ফরাসি নাগরিকদের ওপর ইসরাইলি বাহিনীর অমানুষিক নির্যাতনের ঘটনা তদন্তে পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো আজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

ফরাসি রেডিও স্টেশন ‘ফ্রান্স ইন্টার’-কে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ‘তুরস্কে নিযুক্ত আমাদের কনসাল জেনারেলের কাছে আমি একটি বিশেষ প্রতিবেদন চেয়েছিলাম। সে প্রতিবেদনে ফরাসি নাগরিকদের ওপর যৌন সহিংসতা, তীব্র শীতে ফেলে রাখা, মারধর এবং ক্রমাগত মানহানিকর আচরণের মতো ভয়াবহ চিত্র উঠে এসেছে। এসব কর্মকাণ্ড গুরুতর ফৌজদারি অপরাধের শামিল। আর এ কারণেই গতকাল আমি বিষয়টি পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামক ত্রাণবাহী বহরটি গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে ইসরাইলি বাহিনী।

আটক অবস্থা থেকে মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, ইসরাইলি হেফাজতে তাদের ওপর প্রচণ্ড নির্যাতন চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া অন্তত ১৫ জন কর্মী ধর্ষণসহ ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বর্তমানে সব ফরাসি অ্যাক্টিভিস্টকে মুক্তি দেয়া হয়েছে।

এএইচ