হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কার ঘিরেই সংঘর্ষের সূত্রপাত: আইআরজিসি

ইসরাইল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের জন্য মার্কিন বাহিনীর তেলের ট্যাঙ্কারকে পাহারা দিয়ে হরমুজ প্রণালি পার করানোর প্রচেষ্টাকেই দায়ী করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে আইআরজিসি ঘটনার ধারাবাহিক বিবরণ তুলে ধরেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর ‘নির্দেশনায়’ চারটি তেলের ট্যাঙ্কার ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী প্রথমে সতর্কবার্তা পাঠায়। এরপর ‘একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করে থামিয়ে দেয়া হয় এবং বাকি বিধি লঙ্ঘনকারী জাহাজগুলো ফিরে যায়’।

এর কিছুক্ষণ পরই ‘মার্কিন ড্রোন কেশম দ্বীপের একটি টেলিযোগাযোগ বন্দরে এবং সিরিকের একটি বন্দরে দুটি গোলা নিক্ষেপ করে’ বলে দাবি আইআরজিসির।

এর পাল্টা জবাবে আইআরজিসি কুয়েতে অবস্থিত মার্কিন দুটি বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে (ফিফথ ফ্লিট) লক্ষ্যবস্তু করে।

এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে, ‘আমরা আগ্রাসী ও শিশুঘাতী শত্রুকে সতর্ক করছি, এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি হলে সীমিত জবাবেই আর কাজ হবে না। তেল ও গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে তার দায় তোমাদেরই বহন করতে হবে।’

এএম