জি-৭ সম্মেলনে মোদি-ট্রাম্প বৈঠক; এখনই বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা কম

ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা
বিদেশে এখন
0

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বাণিজ্য নিয়ে আলোচনা হবে। তবে এই সম্মেলনে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল (শনিবার, ১৩ জুন) মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। জি-৭ সম্মেলনের পরের সপ্তাহে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আরও আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ভারত সফর করবেন বলেও নিশ্চিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি প্রধানমন্ত্রী মোদি ভারতের ভূমিকা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের গুরুত্ব নিয়ে বেশ উচ্চাকাঙ্ক্ষী। আমরা মনে করি, একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি সেই সম্পর্কেরই অংশ।’

তিনি জানান, ট্রাম্প একটি ‘অত্যন্ত ভালো’ চুক্তিতে পৌঁছানোর বিষয়ে জোর দেবেন। তিনি বলেন, ‘আমরা মনে করি একটি খুব ভালো চুক্তি হওয়া সম্ভব। তবে আমি মনে করি না যে আমরা জি-৭ সম্মেলনে সেই চুক্তি চূড়ান্ত করবো।’

ফ্রান্সের এভিয়ান-লেস-বাঁ শহরে ১৫ থেকে ১৭ জুন জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশের নেতাদের পাশাপাশি ভারতের মতো অন্যান্য দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।

ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক এবং গত বছর পাকিস্তানের সঙ্গে ভারতের সংক্ষিপ্ত সংঘাতে ট্রাম্পের মধ্যস্থতার দাবিতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির উন্নতি হয়েছে। গত সপ্তাহে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হতে পারে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ও মোদির মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং ভেনেজুয়েলা থেকে ভারতের তেল কেনার সম্ভাব্য চুক্তিসহ বিস্তৃত ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে, চলতি সপ্তাহে ভারতীয় নাবিকবাহী ট্যাঙ্কারে তিনটি হামলার পর বৃহস্পতিবার ভারত জাহাজ চলাচলের ওপর মার্কিন হামলা বন্ধের দাবি জানিয়েছে।

এর মধ্যে একটি হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর মার্কিন অবরোধ শুরুর পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা। মার্কিন বাহিনী এরইমধ্যে আটটি জাহাজ অকার্যকর করেছে এবং ১০০টির বেশি জাহাজ ফিরিয়ে দিয়েছে।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, প্রণালিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের বাণিজ্যিক জাহাজগুলোকে অবিলম্বে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন অবরোধ লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন বরদাশত করা হবে না।’ এছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য নিয়ে মার্কিন কর্মকর্তাদের আলোচনা চলছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এএম