মুর্শিদাবাদ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে
বিদেশে এখন
1

মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দেয়ার সময় বজ্রপাতে এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। গত (মঙ্গলবার, ২৩ জুন) রাতে বজ্রসহ প্রবল বৃষ্টির সময় সীমান্তের কাঁটাতারবিহীন একটি অংশে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বিনীতের বাড়ি উত্তর প্রদেশের কনৌজ জেলায়। তিনি মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্বরত ছিলেন।

বিএসএফ সূত্র জানায়, (মঙ্গলবার, ২৩ জুন) রাতে মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পাশাপাশি দফায় দফায় বজ্রপাত শুরু হয়। ওই সময় আন্তর্জাতিক সীমান্তের কাছে মিঠিপুর এলাকায় খোলা আকাশের নিচে পাহারায় ছিলেন বিনীত। হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য বিএসএফ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রপাতে আরও চার জন নিহত এবং ১৫ জন আহত হন।

এএম