উগান্ডায় গণমাধ্যমের ওপর ‘সামরিক অবরোধ’; বন্ধ হলো এনটিভি ও ডেইলি মনিটর

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা
বিদেশে এখন
0

উগান্ডার প্রধান স্বতন্ত্র সংবাদমাধ্যম গোষ্ঠী ‘নেশন মিডিয়া গ্রুপ’ (এনএমজি) সামরিক অবরোধের মুখে পড়েছে। দেশটির সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে মুহুজি কাইনেরুগাবা রোববার এই মিডিয়া গ্রুপের সব সংবাদপত্র, টেলিভিশন স্টেশন ও রেডিও চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে কাইনেরুগাবা লিখেছেন, ‘এনটিভি এবং ডেইলি মনিটর আজ থেকে বন্ধ!’ তিনি আরও যোগ করেন, ‘উগান্ডায় আমি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি না! গণমাধ্যম বিপ্লবের ক্যাডারদের দ্বারা পরিচালিত হওয়া উচিত।’ ডেইলি মনিটর জানিয়েছে, তারা এখন ‘সামরিক অবরোধের’ মধ্যে রয়েছে এবং রাজধানী কাম্পালায় তাদের কার্যালয়ের বাইরে সশস্ত্র সৈন্যরা পাহারা দিচ্ছে।

এই নির্দেশের ফলে এনটিভি উগান্ডা, ডেইলি মনিটর, ডেম্বে এফএম, স্পার্ক টিভি, কেএফএম এবং দ্য ইস্ট আফ্রিকানসহ সংশ্লিষ্ট সব সংবাদমাধ্যমের সম্প্রচার ও প্রকাশনা বন্ধ হয়ে গেছে। এনটিভির একজন জ্যেষ্ঠ প্রতিবেদক এএফপিকে জানিয়েছেন, সামরিক বাহিনী কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। সম্প্রচার বন্ধ হওয়ার পর দর্শকদের স্ক্রিনে ‘ভিডিও আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখা যাচ্ছে।

কাইনেরুগাবা জানিয়েছেন, তার বাবা প্রেসিডেন্ট মুসেভেনি এই আদেশের অনুমোদন দিয়েছেন। গত ৪০ বছর ধরে উগান্ডা শাসন করা ৮১ বছর বয়সী মুসেভেনি জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হন। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, তার ছেলে কাইনেরুগাবা এখন ক্ষমতার দখল নিচ্ছেন। এর আগে ২০১৩ সালেও কাইনেরুগাবাকে উত্তরসূরি হিসেবে তৈরির খবর প্রকাশ করায় ডেইলি মনিটর ১৩ দিন বন্ধ রাখা হয়েছিল।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সংবাদপত্রের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত হিসেবে বর্ণনা করেছে। কাইনেরুগাবা সাফ জানিয়েছেন, তার অনুমতি ছাড়া এই প্রতিষ্ঠানগুলো আর খুলবে না এবং এখন থেকে উগান্ডার সব গণমাধ্যমকে ‘নিয়ম’ মেনে চলতে হবে। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে উগান্ডার অবস্থান ১৪৩তম।

এএম