আলোচনা চলবে, তবে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরানের অনুরোধে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শুক্রবার, ১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প তিনি এ কথা লেখেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে কাতার ও সৌদি আরবের তিনটি বাণিজ্যিক ট্যাংকারে হামলা হয়। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। জবাবে গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতেই ট্রাম্প এমন মন্তব্য করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি। তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি শেষ!’

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা প্রশমনের চেষ্টায় আজ (শুক্রবার, ১০ জুলাই) তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কাতারি প্রতিনিধিদল। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সূত্রটি জানিয়েছে, তেহরানে এই আলোচনার মূল লক্ষ্য মার্কিন-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন। এছাড়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পেছনের বিষয়গুলো নিয়েও কথা হচ্ছে। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিরোধ এসব বিষয়ের মধ্যে অন্যতম।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কাতারি প্রতিনিধিদলটি ইরান সফর করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যস্থতাকারী হিসেবে নিজের ভূমিকা আরও জোরদার করতেই দোহা এই সফর করছে। প্রণালিতে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য কাতার সম্প্রতি ইরানকে দায়ী করেছিল।

এদিকে এই ধারাবাহিক হামলা বৈশ্বিক তেল সরবরাহ ও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এতে অন্তর্বর্তী যুদ্ধবিরতির ভঙ্গুর অবস্থাও স্পষ্ট হয়ে উঠেছে। ফলে শুক্রবার হরমুজ প্রণালিতে দৈনিক ট্যাংকার চলাচল কমে গেছে বলে জানা গেছে। আজ (শুক্রবার, ১০ জুলাই) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও পুরো সপ্তাহের হিসাবে দাম বেড়েছে ৫ শতাংশ।

এএম