যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

ওয়েস স্ট্রিটিং
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সোমবার রাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

এদিকে গভীর রাত পর্যন্ত মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলেছে বলে জানা গেছে। স্ট্রিটিং গত মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে তিনি ওই পদ ছাড়েন।

পরে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের জন্য বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত তা থেকে সরে দাঁড়ান। নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্ট্রিটিং লিখেছেন, ‘দেশকে নিরাপদ রাখা সরকারের প্রথম দায়িত্ব।’

তিনি আরও বলেন, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় রসদ নিশ্চিত করব এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াব।

৪৩ বছর বয়সী স্ট্রিটিং শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন। মধ্য-বামপন্থী লেবার পার্টির তুলনামূলক ডানপন্থী অংশের নেতা হিসেবে তাকে বিবেচনা করা হয়।

২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় নিয়মিত টেলিভিশন ও রেডিও আলোচনায় উপস্থিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। পরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পরিচালনাকারী সরকারি বিভাগের দায়িত্ব নেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক পরিচিতি আরও বাড়ে। তবে কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে তিনি ওই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

স্ট্রিটিং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির স্থলাভিষিক্ত হলেন। সোমবার হিলিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মাসে হিলি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় সরকারের প্রতিরক্ষা বাজেটের কঠোর সমালোচনা করেন। তার এই পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী স্টারমারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছিল।

তিনি পদত্যাগপত্রে লিখেছিলেন, ‘বর্তমানে হুমকি বাড়ার সময়ে দেশকে রক্ষায় প্রয়োজনীয় সম্পদ দিতে আপনি ব্যর্থ হয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ও তা দিতে অনিচ্ছুক ছিল।’

এএইচ