কাতারের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি কমেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরুদ্ধ হরমুজ প্রণালি শিগগিরই আবার খুলে দেয়া হতে পারে—এমন আশাতেই তেলের দামে এই পতন। তবে বর্তমানে প্রণালিটি প্রায় বন্ধই রয়েছে। এর মধ্যেই সেখানে আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আলোচনা এই মুহূর্তেই চলছে। এটি একটি ভালো চুক্তিতে সই করার জন্য ইরানের শেষ সুযোগ।’ তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এই আলোচনা হচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তারা কেবল হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে কথা বলছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, কূটনৈতিক যোগাযোগ ‘অত্যন্ত অগ্রসর পর্যায়ে’ পৌঁছেছে। তিনি বলেন, কাতার, পাকিস্তান ও ওমানসহ মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খসড়া প্রস্তাব আদান-প্রদানে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘নেপথ্যে অনেক কিছুই ঘটছে। আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো, অন্তত আলোচনা শুরু করতে দুই পক্ষকে রাজি করানো।’
এদিকে ওমানের উপকূলে হরমুজ প্রণালির কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে ইউকেএমটিও। জাহাজটির নাবিকদের সেটি ছেড়ে চলে যেতে হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ওমানের সঙ্গে ভাগাভাগি করতে হবে। তবে গত সপ্তাহে ওমানের একটি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ইরানের একটি সূত্র জানিয়েছে, তারা প্রণালির ভেতরে আসা জাহাজগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়।
ইরানের হাতে এমন নিয়ন্ত্রণ চলে গেলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। এতে ট্রাম্প প্রশাসনের পক্ষে ইরানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন এপিক ফিউরি’-কে সফল বলে দাবি করা কঠিন হয়ে পড়বে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলোচনায় আছি। আমার মনে হয়, হরমুজ প্রণালি খুলে দেয়া এবং সংঘাত অবসানের পথে অগ্রসর হতে আজ অথবা কালই একটি চুক্তি হতে পারে।’ ইয়েমেনের হুতিরাও লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ আরোপ করায় জ্বালানি রপ্তানির পথ আরও সীমিত হয়ে পড়েছে।





