ফুটবলারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ডুলির

থমাস ডুলি
ফুটবল
এখন মাঠে
0

ঘরোয়া লিগের পাশাপাশি ফুটবলারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন থমাস ডুলি। দলে অনেকের মধ্যে ফাঁকি দেয়ার প্রবণতার কথাও জানিয়েছেন বাংলাদেশের মার্কিন কোচ। তাদের জন্য সতর্কবার্তাও আছে ডুলির পক্ষ থেকে। সেই সঙ্গে এখন টিভিকে জানালেন, নতুন বছরে আরো কিছু বংশোদ্ভূত ফুটবলারকে সুযোগ দেয়ার পক্ষপাতী তিনি।

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায়ের পরদিনই জামালের বিস্ফোরক অভিযোগ ছিলো কোচকে নিয়ে। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে কোনো পরিকল্পনাই নাকি ছিলো না থমাস ডুলির! তবে এখন টিভির মুখোমুখি হয়ে ঠিক উল্টো বক্তব্য হেড কোচের।

জামালের হতাশাকে সাধুবাদ জানালেও নিজের পরিকল্পনার পক্ষেই সাফাই গাইলেন ডুলি। খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ছিল বলে দাবি তার। শুধু ফল না আসায় ট্যাকটিকসে ভুল মানতে নারাজ তিনি।

বাংলাদেশের ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি বলেন, ‘জামালের মনে যা-ই থাকুক, ঠিক আছে। সে অবশ্যই রাগান্বিত থাকবে। যারা খেলার সুযোগ পায়নি প্রত্যেকের রাগান্বিত থাকা উচিত। আমি শতভাগ নিশ্চিত, আমরা সঠিক কাজ করেছি। সবাই জানতো কে কি করবে। আপনি চাইলে মিডফিল্ডের খেলোয়াড়দের জিজ্ঞেস করতে পারেন তাদের কি করার কথা ছিল। তারা সেটা ভালোভাবেই করেছে। সমস্যাটা ফলাফলে। আমরা ফাইনালে উঠতে পারিনি। এটাই সমস্যা। এর বাইরে কিছুই না।’

দেশের ঘরোয়া লিগের পাশাপাশি ফুটবলারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডুলি। জাতীয় দলকে শক্তিশালী করতে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চান তিনি। সে লক্ষ্যে আগামী বছর বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারকে খেলানোর ইঙ্গিতও দেন এই কোচ।

যেকোনো পর্যায়ের খেলোয়াড়দের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকার কথাই জানিয়েছেন ডুলি। তবে অলস ফুটবলারদের যেন খানিকটা সতর্কই করলেন বাংলাদেশের হেড কোচ।

তিনি বলেন, ‘আমি সবাইকে সাহায্য করতে চাই। কারণ আমি চাই সাফল্য। যখন আমি খেলোয়াড়দের সাথে কাজ করি, তাদেরও সফল দেখতে চাই। যখন তারা খুশি থাকে, আমিও আরো খুশি হই কারণ দল ভালো করতে থাকে। কিন্তু যদি আপনার কাছে এমন কেউ থাকে যারা খাটতে চায় না, অনুশীলনে ফাঁকি দিতে চায়, এখানে শুধু জনপ্রিয়তা কাজে লাগাতে চায়- এটা আমি পছন্দ করি না।’

বাংলাদেশ দলকে অবশ্য স্বল্পমেয়াদী সাফল্য এনেই খুশি হতে চান না মার্কিন এই কোচ। ঘরোয়া ফুটবলের পাশাপাশি তার নজর দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে।

এফএস