পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

ক্যারোলিন লেভিট
বিদেশে এখন
0

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই মাসের শেষে পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন’ লেভিট এখন থেকে ছোট সন্তানদের ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ছেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুঝি এবং শ্রদ্ধা জানাই। ক্যারোলিন এখন থেকে আমার শীর্ষ বাইরের উপদেষ্টাদের একজন এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে থাকবেন।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২৮ বছর বয়সী লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেন। এই পদে দায়িত্ব পালনকারী সবচেয়ে কম বয়সী ব্যক্তিও তিনি। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। স্বামী নিকোলাস রিকিওর সঙ্গে লেভিট গত মে মাসে দ্বিতীয় সন্তান, একটি কন্যাসন্তানের জন্ম দেন। তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। গত মাসেই মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি কাজে ফিরেছিলেন।

প্রেসিডেন্টের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেভিট তার এই দায়িত্বকে ‘জীবনের সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অধ্যায়’ বলে অভিহিত করেছেন। তিনি লেখেন, ‘বিশ্বের সবচেয়ে চাপপূর্ণ চাকরিগুলোর একটি করতে করতে একজন মা হয়ে ওঠা এবং একটি নতুন সন্তানকে স্বাগত জানানো আমার জীবনের সবচেয়ে সন্তোষজনক ও চ্যালেঞ্জিং অধ্যায় বললেও কম বলা হবে।’

তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে, মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে ফেরার পর থেকে আমি হৃদয় দিয়ে অনুভব করছি যে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে ধারাবাহিক সময়, শক্তি ও মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার দুই ছোট সন্তানের জন্য সেরা মা হয়ে উঠতে পারছি না। আর সে কারণেই হোয়াইট হাউস ছেড়ে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার এই তিক্ত-মধুর সিদ্ধান্ত নিয়েছি আমি।’

দীর্ঘ পথচলা
হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেয়ার আগে থেকেই লেভিট দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে কাজ করছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সচিব ও স্পিচ রাইটার হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে শীর্ষ সহকারীর দায়িত্ব পালন করেন।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেসের জন্য ভোটে দাঁড়ালেও তিনি রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে জয়ী হলেও চূড়ান্তভাবে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপ্পাসের কাছে হেরে যান। পরে তিনি ট্রাম্প-সমর্থক তহবিল সংগ্রহকারী গোষ্ঠী ‘মাগা ইনকর্পোরেটেডের’ মুখপাত্র এবং ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার জাতীয় প্রেস সচিব হিসেবে যোগ দেন।

দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের সঙ্গে লেভিটের সম্পর্ক কখনো কখনো সংঘাতপূর্ণ ছিল। তিনি কিছু সাংবাদিকের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বা বামপন্থি হওয়ার অভিযোগ তুলেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তার কার্যালয় হোয়াইট হাউস প্রেস পুলের নিয়ন্ত্রণ নেয় এবং ‘গালফ অব আমেরিকা’ শব্দটি ব্যবহার করতে অস্বীকৃতি জানানোর কারণে ‘অ্যাসোসিয়েটেড প্রেসকে’ প্রাথমিকভাবে নিষিদ্ধ করে। তবে ট্রাম্প সমর্থকদের মধ্যে তিনি প্রশাসনের নীতি নিরলসভাবে রক্ষা করার জন্য প্রশংসিত হয়েছিলেন।

সারা হাকাবি স্যান্ডার্সের পরে ট্রাম্পের দুই মেয়াদে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রেস সচিব লেভিট। ট্রাম্পের দুই মেয়াদে তিনি ষষ্ঠ প্রধান মুখপাত্রকে নিয়োগ দিতে যাচ্ছেন, তবে সেই ব্যক্তি কে হবেন তা এখনো নিশ্চিত নয়। লেভিটের প্রায় সাত সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বার্গামসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঞ্চে দাঁড়িয়েছিলেন।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লেভিটকে তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘আদর্শ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন একসঙ্গে কাজ করে যাব। তার গল্প কেবল শুরু হয়েছে। তার ভবিষ্যতে কী রয়েছে তা দেখার জন্য আমি অপেক্ষা করে থাকতে পারছি না।’

এএম