দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল ও বিমান হামলা; নিহত ৭

আলী আল-তাহের এলাকায় ইসরাইলি বিমান হামলা
বিদেশে এখন
0

দক্ষিণ লেবাননে ইসরাইলি স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। বিনত জবাইল শহর ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে বাড়িঘর বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি নাবাতিয়া জেলার আনসার শহরে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

এনএনএ জানায়, ভোরের দিকে ইসরাইলি বাহিনী বিনত জবাইলে একাধিক বাড়ি বিস্ফোরণে ধ্বংস করে দেয় এবং কুনিন-সাফ আল-হাওয়া সড়ক ঘেঁষে আবাসিক এলাকায় ভারী মেশিনগান থেকে গুলি ছোড়া হয়। মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায়ও ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়।

আনসার শহরের উপকণ্ঠে এবং নাবাতিয়া আল-ফাওকার আশপাশে ভোরের দিকে তিনটি ইসরাইলি বিমান হামলা চালানো হয়। লেবাননের নাগরিক প্রতিরক্ষা বিভাগ প্রথমে ছয়জনের মৃত্যুর খবর দেয়। পরে এনএনএ জানায়, মৃতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, ভোরে ইসরাইলি যুদ্ধবিমান আনসার থেকে জরারিয়ার দিকে শহরতলিতে একটি বাড়িতে হামলা চালিয়ে ভবনটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এতে আরও তিনজন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের নাবাতিয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছেন। নাগরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এএম