নেপালের আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু

নেপালের আকস্মিক বন্যা
বিদেশে এখন
0

তিব্বতের দিক থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ভয়াবহ বন্যার পানিতে দেশটির নুওয়াকোট ও ধাদিং জেলার কয়েকটি গ্রাম ভেসে গেছে।

নিখোঁজদের তালিকায় শতাধিক ভারতীয় রয়েছেন বলে জানা গেছে। বন্যায় রাস্তা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রসুওয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছেন। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্য নিখোঁজ বলে জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলার সদস্যদের মোতায়েন করেছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরও পড়ুন:

বন্যায় দেশটির অন্তত ছয়টি বড় জলবিদ্যুৎ ও বিদ্যুৎ সঞ্চালন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে রসুওয়াগাধি, চিলিমে, ত্রিশূলী ৩এ, ত্রিশূলী ৩বি হাব ২২০ কেভি সাবস্টেশন, ত্রিশূলী ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্র। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে।

বন্যার কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে প্রবল স্রোতে কাদামিশ্রিত পানি নেমে আসতে দেখা গেছে।

নেপাল পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে বলেন, ‘ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা এখনো জানা যায়নি। তবে বন্যার ভয়াবহতা অনেক বেশি এবং এতে বহু জনবসতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।’

এফএস